বগাকাণ্ডে চট্টগ্রাম ছাড়তে হচ্ছে ‘ওসি’ আব্দুর রহিমকে

খুলশী থানার সাবেক ওসি মোহাম্মদ আব্দুর রহিম
স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তারের চেষ্টা করা খুলশী থানার সাবেক ওসি মোহাম্মদ আব্দুর রহিমকে এবার চট্টগ্রামই ছেড়ে যেতে হচ্ছে। পুলিশ সদর দপ্তর তাকে খুলনায় বদলি করেছে।
আদেশ পেয়ে গতকাল শনিবার আব্দুর রহিম সর্বশেষ কর্মস্থল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে ছাড়পত্র নিয়েছেন। খুলশী থানা থেকে বদলির পর তিনি সিএমপির বিশেষ শাখায় (সিটি এসবি) পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
গত ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে মোহাম্মদ আব্দুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলির আদেশ জারি করা হয়। এতে বলা হয়, ১০ অক্টোবরের মধ্যে আব্দুর রহিমকে সিএমপি থেকে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় ১১ অক্টোবর থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে।
সিএমপি থেকে ছাড়পত্র নেওয়ার কথা জানিয়ে মোহাম্মদ আব্দুর রহিম আগামীর সময়কে বললেন, ‘কয়েকদিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেব।’
কলেজ শিক্ষককে পিটিয়ে আহত করা, ওসি রহিমকে উলঙ্গ করে পেটানোর হুমকি, পুলিশের ওপর হামলা, কিশোর হৃদয় হত্যাকাণ্ডসহ অন্তত ২২ মামলার আসামি ওয়াকিল হোসেন বগা (৪২) ওরফে বিহারি বগা। চট্টগ্রামের রাজনীতিতে তিনি নগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
বগাকে গ্রেপ্তারে গত ৬ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কার্যালয় অর্থাৎ নগর ভবনে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের উপস্থিতিতে তার কার্যালয়ে অভিযান নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরদিন মেয়র শাহাদাত ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ‘একহাত’ নেন। এর কয়েকঘন্টার মাথায় রহিমকে খুলশী থানা থেকে সিটি এসবিতে বদলির আদেশ দেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
ওসি আব্দুর রহিম অবশ্য বলছিলেন, তিনি নগর ভবনে অভিযানের সময় ছুটিতে ছিলেন। ছুটি শেষে ৮ অক্টোবর দুপুরে কর্মস্থলে যোগ দেন। সেদিন সন্ধ্যায় তাকে বদলির আদেশ আসে পুলিশ সদর দপ্তর থেকে।



