প্রধানমন্ত্রীর লাল-সবুজের বুলেটপ্রুফ বাস চট্টগ্রামে

প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাস— রনি দে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসটি চট্টগ্রামে এসেছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগর ও জেলা মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ থেকে ৬ হাজার সদস্য প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
আগামীকাল রবিবার চট্টগ্রামে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। রাতে তিনি আবার ঢাকায় ফিরে যাবেন।
ভিআইপি প্রটোকলের দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তামজীদুর রহমান জানালেন, আজ শনিবার দুপুরে বাসটি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) তত্ত্বাবধানে চট্টগ্রামে এসে পৌঁছেছে। বাসটি চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে রাখা হয়েছে।
এনডিসি তামজীদুর আগামীর সময়কে বললেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকলের অংশ হিসেবে বুলেটপ্রুফ বাসটি এসেছে। সার্কিট হাউজ প্রাঙ্গণে রাখা হয়েছে। তত্ত্বাবধানের দায়িত্ব এসএসএফ’র।’
গত ডিসেম্বরে দেশে ফেরার পর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সড়কযাত্রায় বিশেষ বাসটি ব্যবহার করছেন। উচ্চক্ষমতাসম্পন্ন বুলেটপ্রুফ শিট ও বুলেট-রেজিস্ট্যান্ট গ্লাসযুক্ত এ বাস দূর থেকে চালানো গুলি বা বিস্ফোরণের আঘাত প্রতিরোধে সক্ষম। বাসটিতে আছে উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা, নাইট-ভিশন সেন্সর ও নিজস্ব যোগাযোগ চ্যানেল। বাসের অভ্যন্তরে জরুরি চিকিৎসা সরঞ্জাম, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং বিষাক্ত গ্যাস বা ধোঁয়া প্রতিরোধক এয়ার ফিল্টার আছে।
এদিকে বিকালে পরিদর্শক থেকে উপকমিশনার পর্যন্ত সকল কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রস্তুতির সর্বশেষ সভা করেছেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানালেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নগরে আড়াই থেকে তিন হাজার পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রিজার্ভ ফোর্স থেকে ৫০০ সদস্য থাকবে। সিএমপির বিভিন্ন থানা-ফাঁড়ি মিলিয়ে ৬ হাজার পুলিশকে প্রধানমন্ত্রী চট্টগ্রামে থাকা পর্যন্ত দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। তবে নৈশকালীন দায়িত্বে থাকবেন, তাদের বাদ রাখা হয়েছে।
‘সিএমপির পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল ফ্লাইওভারের উপরে-নিচে, বহুতল ভবনের রুফটপে, অলি-গলির মুখে, সড়কে পুলিশ মোতায়েন থাকবে। কমিশনার স্যার পুলিশের সকল সদস্যকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন’— বলেন আমিনুর রশিদ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানালেন, জেলায় প্রধানমন্ত্রীর যাত্রাপথ এবং সফরের ভেন্যু মিলিয়ে পুলিশের আড়াই হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া র্যাবসহ আরও বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন।





