চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।
আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পানি সরবরাহ-৩ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছাম্মৎ আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন জারির বিষয়টি আকতারুন নেছা নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ১৯৯৬’-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।
নবনিযুক্ত ওয়াসা চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার বাবার নাম সিদ্দিক আহমদ এবং মায়ের নাম ছায়েরা খাতুন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে।
মো. ইদ্রিস মিয়া রাজনৈতিক পরিসরের পরিচিত মুখ। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।



