এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অনশন করবে শ্রমিকরা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)
দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়া চুক্তি বাতিলের দাবিতে এবার অনশন করবে সরকারদলীয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
আগামীকাল সোমবার চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে সকাল সন্ধ্যা এই কর্মসূচি পালিত হবে। দুবাইভিত্তিক আর্ন্তজাতিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে কনশেসন চুক্তির অধীনে ১৫ বছরের জন্য ইজারা দিতে চুক্তি করে চট্টগাম বন্দর কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এই চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে সই করেন।
মূলত চুক্তি স্বাক্ষরের পর থেকেই এই শ্রমিক আন্দোলন ঝিমিয়ে পড়েছে। চুক্তির প্রতিবাদে অনেক আগে থেকেই বন্দর শ্রমিক, রাজনীতিবিদ, পেশাজীবীরা আন্দোলন করে আসছেন। পালন করেছেন প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল, গোলটেবিল বৈঠক, পদযাত্রাসহ নানা কর্মসূচি।
সরকার কিংবা বন্দর কর্তৃপক্ষ এতে সায় না দিয়ে চুক্তি চুড়ান্ত করে ফেলে।
চুক্তি সইয়ের দিনই এর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিক নেতারা। আজ রবিবারের মধ্যেই দাবি মানার আলটিমেটাম দিয়েছিলেন শ্রমিকরা। রবিবার বিকাল পর্যন্ত সরকার পক্ষ থেকে আলোচনার কোনো ডাক আসেনি জানিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর।
তিনি জানালেন, আগামী সোমবার বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি চলবে।



