ঋণ জালিয়াতি: শিল্পপতি ইয়াসিন আলীসহ ৫ জনের কারাদণ্ড

গ্রাফিকস: আগামীর সময়
প্রায় ৭ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় সপরিবারে দেশত্যাগী শিল্পপতি মোহাম্মদ ইয়াসিন আলীসহ পাঁচজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া জালিয়াতির সমপরিমাণ টাকা ঋণ প্রদানকারী মার্কেন্টাইল ব্যাংককে পরিশোধের আদেশও দেওয়া হয়েছে।
চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ ফাতেমা বেগম মুক্তা আজ মঙ্গলবার এ রায় দিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নুসরত আরা হীরা।
দণ্ডিতরা হলেন রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব এবং পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভির হাবিব। তাদের ঠিকানা চট্টগ্রাম নগরীর জুবিলী রোড উল্লেখ করা হয়েছে।
আসামিরা সবাই একসময়ের আলোচিত চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের মালিকানায় ছিল রিজেন্ট এয়ারওয়েজ। বিপুল পরিমাণ ঋণ খেলাপি রেখে প্রায় চারবছর আগে তারা সপরিবারে একযোগে দেশ ছেড়ে যান। পরবর্তীতে রিজেন্ট এয়ারওয়েজ, রিজেন্ট টেক্সটাইলসহ তাদের মালিকানায় থাকা সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
মামলার নথিতে উল্লেখ আছে, রিজেন্ট টেক্সটাইলের নামে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকটিকে ৬ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক দেয় আসামিপক্ষ। ২০২৩ সালের ২৯ আগস্ট চেকটি ব্যাংকে ডিজঅনার হয়। ব্যাংকের আইনজীবী নুসরত আরা হীরা ৩ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠান। আসামিরা ৭ সেপ্টেম্বর সেটা গ্রহণ করেন।
তবে চেকের টাকা পরিশোধ করেননি তারা। ব্যাংক কর্তৃপক্ষ ২০২৩ সালের ১৭ অক্টোবর আদালতে এনআইটি অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা করেন। মামলাটি বিচারের জন্য পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে আসার পর গত ৩ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৬ অক্টোবর থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর একমাস পর রায় ঘোষণা হল।
আসামিরা আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়ার পর থেকে সাজা কার্যকর হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।



