শহরে সারের অবৈধ মজুদ, জরিমানা ও কারাদণ্ড

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আটটি গুদাম থেকে প্রায় ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ করা হয়েছে। অবৈধভাবে এসব সার গুদামজাত করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। অনুমোদন ছাড়া এভাবে সার জব্দ ও বিপণনের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বাকলিয়া থানাধীন ভেড়া মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম। এ সময় পাঁচলাইশ থানা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার ও পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে ফারাহ এন্টারপ্রাইজের মালিক মো. ফারুককে ছয় মাসের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শাহ আলম সওদাগর নামে একজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সাকিব উল আলম জানালেন, ফারুকের ছয়টি গুদাম থেকে টিএসপি সারা ১ হাজার বস্তা ও ডিএপি সার ৫০০ বস্তা জব্দ করা হয়। অন্যজনের দুটি গুদাম থেকে এমওপি ১০০ বস্তা ও ডিএপি ৩০০ বস্তা জব্দ করা হয়। তারা কৃষি অফিসের অনুমোদন ছাড়া এসব সার অবৈধভাবে মজুদ করেছিলেন।
লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে এভাবে সার মজুদ করে ব্যবসা পরিচালনা করছিলেন এই দুজন। এখান থেকেই বিভিন্ন উপজেলায় সার বিক্রি করা হতো।
কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার জানালেন, লাইসেন্স ছাড়া সার মজুদ করা যায় না। এটা শাস্তিযোগ্য অপরাধ। জব্দ করা সব সার ভালো নয়। কিছু কিছু নষ্ট হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।




