নাটোর
আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরি মেরে জখম

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় সৈয়দ ইসলাম (৫০) নামে এক মুয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার ভোর উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মুয়াজ্জিন সৈয়দ ইসলাম উপজেলার চরবাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের আজান দেওয়া শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজানের সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মসজিদের ভেতরে ঢুকে মুয়াজ্জিনের পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে মুসল্লি ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানালেন, আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




