দাবি গবেষকদের
জাহাজভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তন পরিবেশের জন্য ক্ষতিকর

ছবি: আগামীর সময়
জাহাজভাঙা শিল্পকে পরিবেশগত ঝুঁকির ‘লাল’ থেকে ‘কমলা’ শ্রেণিতে নিয়ে গেলে শিল্পটির রাসায়নিক ক্ষতি ও বিষাক্ত বর্জ্যের ঝুঁকি কমে যায় না। এলাকার মাটি-পানিতে বিষাক্ত ভারী ধাতু থাকা এবং উপকূলীয় বন ধ্বংস ও জীববৈচিত্র্যের ক্ষতি এখনো হচ্ছে, ভবিষ্যতেও হতে থাকবে।
আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে আয়োজিত সেমিনারে পরিবেশবিদ ও গবেষকেরা জাহাজভাঙা শিল্পের ঝুঁকি, ক্ষতিকর দিকের বিষয়টি এভাবে তুলে ধরেন।
‘জাহাজভাঙা শিল্পের নীতিমালা পরিবর্তনে পরিবেশগত ঝুঁকি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম। এতে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক, গবেষক ও প্রকৌশলী।
সেমিনারে জানানো হয়, ৩৫ বছরে এ শিল্পের বিস্তার হয়েছে প্রায় ১৫ গুণ। এর সঙ্গে কমেছে উপকূলীয় বন ও কৃষিজমি, সংকুচিত হয়েছে প্রাকৃতিক আবাসস্থল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফীকুল ইসলাম বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখান, সীতাকুণ্ডের ১৯টি কৃষিস্থানের মাটিতে প্রতি কেজিতে সিসা পাওয়া গেছে ১৪৮ থেকে ১ হাজার ৮৪৩ মিলিগ্রাম।
২০২৫ সালের আরেক গবেষণায় জাহাজভাঙা ইয়ার্ডের পানিতে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিকসহ একাধিক ভারী ধাতুর উচ্চ উপস্থিতি পাওয়া গেছে। একই এলাকার আটটি পানির নমুনায় প্রতি ঘনমিটারে গড়ে ২১৯টি মাইক্রোপ্লাস্টিক কণাও পাওয়া যায়।
শফীকুল ইসলাম বলেন, ভারী ধাতু মাটির অণুজীব, পুষ্টিচক্র ও উর্বরতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই উচ্চ ঝুঁকির এ শিল্পকে কম ঝুঁকির শ্রেণিতে নেওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে তিনি জানান।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া তার প্রবন্ধে বলেন, জাহাজভাঙা ইয়ার্ড সংলগ্ন উপকূলীয় পলিতে জিংক, সিসা ও তামার উচ্চ ঘনত্ব পাওয়া গেছে। ফৌজদারহাটের লবণাক্ত জলাভূমিতে ৫৪ প্রজাতির ৮১ হাজার ৭২৪টি তলদেশবাসী প্রাণী রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামের এসব লবণাক্ত জলাভূমি ৫০টির বেশি প্রজাতির মাছেরও আবাসস্থল। জাহাজভাঙা, তেল ছড়িয়ে পড়া ও অন্যান্য মানবীয় কর্মকাণ্ডের চাপ এসব এলাকার ওপর বাড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন বলেন, জাহাজভাঙার বিস্তারে সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় প্রায় ৫ হাজার ৬০০ হেক্টর প্যারাবন ধ্বংস হয়েছে। তিনি জাহাজভাঙা অঞ্চল ও লোকালয়ের মাঝখানে অন্তত ৫০০ মিটার প্রশস্ত সবুজ বেষ্টনী রাখার প্রস্তাব দেন।
সনাকের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, অ্যাসবেস্টসের সংস্পর্শে ফুসফুসের ক্যানসার, মেসোথেলিওমা ও অ্যাসবেস্টোসিসের মতো রোগ হতে পারে। পুরোনো জাহাজে অ্যাসবেস্টস, পিসিবি, সিসা, পারদ, তেলসহ নানা বিপজ্জনক পদার্থ থাকতে পারে। এগুলো শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ইকবাল সরোয়ার বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে অনিয়ন্ত্রিত জাহাজভাঙা শিল্পকে পরিবেশসম্মত করা হোক।
গত ২৯ সেপ্টেম্বর সরকারের সংশ্লিষ্ট কমিটি এ শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। জাহাজভাঙার ক্ষেত্রে বাসেল কনভেনশনের নিয়ন্ত্রণ থেকে সরে হংকং কনভেনশন অনুসরণের সিদ্ধান্তও নিয়েছে কমিটি।
দুটি কনভেনশনের উদ্দেশ্য আলাদা উল্লেখ করে সেমিনারের বক্তারা বলেন, হংকং কনভেনশন নিরাপদ ও পরিবেশসম্মত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ নিয়ে কাজ করে। আর বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে চলাচল নিয়ন্ত্রণ করে। তাই একটি মেনে অপরটি বাদ দেওয়া ঠিক হবে না।
সেমিনারে বাপা চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান বক্তব্য রাখেন। তিনি বলেন, শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। পাশাপাশি নির্দিষ্ট অঞ্চলে শিল্প সীমিত রাখা, প্রতিটি জাহাজের বিপজ্জনক পদার্থের তালিকা যাচাই, সবুজ বেষ্টনী বাধ্যতামূলক করা, শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাধীন তদারকি, দূষণের তথ্য প্রকাশ এবং বাসেল ও হংকং—দুই কনভেনশনের প্রাসঙ্গিক সুরক্ষা বাস্তবায়নের দাবি জানান তারা।




