শব্দ দূষণ
৫ গাড়ি থেকে সাত হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

জব্দ করা হাইড্রোলিক হর্ন
চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় শব্দদূষণবিরোধী অভিযানে পাঁচটি গাড়ি থেকে সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় জড়িতদের ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব।
অভিযানে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পাঁচটি গাড়ি থেকে সাতটি হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক ঊর্মি সরকার, পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান এবং সিনিয়র টেকনিশিয়ান ওমর ফারুক উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে পুলিশের একটি দল।



