বিআরটিএতে দুই দালালকে কারাদণ্ড

প্রতীকী ছবি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এই অভিযানে নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার নতুনপাড়ার মৌ. আকমলের বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।
প্রথমজনকে ২৫ দিন ও অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তারা কার্যালয়ে বিভিন্ন সেবা প্রার্থীকে অনৈতিক সুবিধা নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ।
এদিকে নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযান চালানো হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে।
এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।




