সাতকানিয়ায় ছুরির আঘাতে প্রাণ গেল তরুণের

নিহত মোহাম্মদ হামিম। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছুরির আঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ হামিম নামে এক তরুণ। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের বিরোধে ঘটেছে এ হত্যাকাণ্ড।
মঙ্গলবার রাতে উপজেলার পৌর সদরের কেরাণীহাটে ঘটেছে এ ঘটনা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোহান উদ্দিন নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ হামিম (২০) সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের আফজলনগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে। গ্রেপ্তার রোহানের বাড়িও একই ইউনিয়নে।
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বললেন, ‘কেরাণীহাটে উঠতি বয়সের কিশোর-তরুণদের দুই গ্রুপে মারামারি হয়। সেখানে ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জেনেছি কিশোর গ্যাংয়ের বিরোধ থেকে ঘটনার সূত্রপাত। আমরা আরও তদন্ত করে দেখছি।’






