ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে ঢুকে পড়ল মাইক্রোবাস, নিহত ৪

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। গতকাল শনিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী ফেরদৌস আলম (৫৫), মোরশেদ আক্তার (২২), মিফতাহ আক্তার (১৭) ও চালক মোহাম্মদ মুন্না (৪০)। তাদের বাড়ি কক্সবাজারের ঈদগাহ এলাকায়।
স্থানীয়দের বরাতে কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ জানান, ১১ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। রাত পৌনে ২টার দিকে কলেজ বাজার এলাকায় আরেকটি গাড়ি অতিক্রম করতে গিয়ে মাইক্রোবাসটির সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌস ও মিফতাহ মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
আজ রবিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন মোরশেদকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।
ওসি জানিয়েছেন, আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।




