ফুলবাড়িয়া
প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছবি: আগামীর সময়
ফুলবাড়িয়া কলেজসংলগ্ন একটি বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬) ফাঁসিতে ঝোলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে ইউসুফের বাড়ির দরজা ভেঙে রুমের ভেতর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই লিটন মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওমানপ্রবাসী উজ্জল হোসেন বাসাটি ভাড়া নিয়েছিলেন। তার স্ত্রী ও সন্তান সেখানে থাকতেন। কবীর ২ বছর ধরে ওই বাসার গৃহশিক্ষক ছিলেন। বাসার চাবি কবীরের কাছে এক সেট এবং প্রবাসীর স্ত্রী শিরীন আকতারের কাছে এক সেট থাকত।
কবীরের মা জোসনা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে বাড়িতে এলে ওকে ফোন করে বাসায় নিয়ে যেত শিরীন আকতার। শিরীনের কারণেই ছেলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।




