কমেছে আমদানি, তবুও রাজস্ব বাড়ল বন্দরে!
- উচ্চ মূল্যস্ফীতি, মানুষের পণ্য কেনার ক্ষমতা হ্রাস ও মধ্যপ্রাচ্য সংকটে কমেছে আমদানি
- বাড়তি রাজস্ব আয়ে বন্দর খুশি থাকলেও খেসারত শেষ পর্যন্ত দিতে হচ্ছে ভোক্তাকে

গ্রাফিকস: আগামীর সময়
দেশে আমদানি কমেছে, কমেছে কনটেইনার পরিবহনের গতিও। যার প্রভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সবচেয়ে বড় রাজস্ব জোগানদাতা চট্টগ্রাম কাস্টম হাউজের আয় পড়েছে বড় ধরনের ঘাটতিতে। অর্থনীতির চেনা এই নিম্নমুখিতার মধ্যেও সম্পূর্ণ বিপরীত চিত্র চট্টগ্রাম বন্দরের আয়ে।
দেশের প্রধান এই সমুদ্রবন্দর গত অর্থবছরে প্রতি মাসে আয় করত ৫৬১ কোটি টাকা। চলতি অর্থবছরে মাসে গড় আয় ৫৯২ কোটি টাকা। প্রথম তিন মাসে রাজস্ব আয়ের এই অঙ্কে অদ্ভুত বৈপরীত্যের প্রমাণ মিলেছে। কাস্টমসের রাজস্ব ও আমদানি গ্রাফ যখন নিচের দিকে, তখন রাজস্ব আয় বাড়ল কীভাবে— এমন প্রশ্ন বেশ জোরালো হয়েছে।
এই বৈপরীত্যের মূল কারণ দুটি। প্রথমটি, বন্দরের সেবার ওপর ৪১ শতাংশের বেশি মাশুল আরোপ। দ্বিতীয়টি, আমদানি পণ্য বেশি সময় বন্দরে রাখার ডেমারেজ চার্জ।
চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক বললেন, ‘বন্দরে ৪১ শতাংশ মাশুল বাড়ানোর কথা বলা হয়। বাস্তবে কোনো কোনো পণ্যে তো এই মাশুল চার গুণ পর্যন্ত বেড়েছে। এই বাড়তি মাশুল কিন্তু শেষ পর্যন্ত আমি দিচ্ছি না। ভোক্তার পকেট থেকে যাচ্ছে। আমাদের কস্ট অব ডুয়িং বিজনেস (ব্যবসা পরিচালন ব্যয়) বেড়েছে। এতে ভোক্তাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
প্রশ্ন রেখে এই ব্যবসায়ী আরও বলছিলেন, ‘এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। রপ্তানিকারকরা এমনিতেই চ্যালেঞ্জে আছেন। এই বাড়তি মাশুল রপ্তানিকারককে বিশ্বে আরও বেশি চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে। প্রতিযোগিতায় পড়ছেন পিছিয়ে। তাহলে কেন এই মাশুল বাড়ালেন।’
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামা ধারাবাহিকভাবে কমছে। এই অর্থবছরের প্রথম তিন মাসে ৮ লাখ ৬৩ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। বন্দরে পণ্য ওঠানামা কমে যাওয়ার প্রমাণ মেলে চট্টগ্রাম কাস্টমসের তথ্যেও। কাস্টমসের হিসাবে আগের বছরের চেয়ে এই অর্থবছরের তিন মাসে আমদানি পণ্য কমেছে সাড়ে ১৭ শতাংশ।
পণ্য আমদানি কমে যাওয়া মানেই এর প্রভাব পড়বে চট্টগ্রাম কাস্টমসে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৬৩৭ কোটি টাকা। আদায় হয়েছে মাত্র ২৭ হাজার ৯৯৫ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি প্রায় ১৪ হাজার ৬৪২ কোটি টাকা।
বন্দরে কনটেইনার ওঠানামা কমল। কাস্টমসে আমদানি ও রাজস্ব আয়ও কমল। কিন্তু চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই (জুলাই-সেপ্টেম্বর) বন্দরের রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৭৭৫ কোটি টাকা। প্রতি মাসে গড়ে আয় হয়েছে ৫৯১ কোটি টাকা। আয়ের এই গতি ঠিক থাকলে বছর শেষে বন্দরের রাজস্ব আয় নতুন রেকর্ড গড়বে। যার পরিমাণ ৭ হাজার ১০০ কোটি টাকার বেশি।
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় কোনো আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দর তাদের সেবার মাশুল ৪১ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন দেয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করে। এর পর থেকেই বন্দরের রাজস্ব আয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
৪১ শতাংশ মাশুল যোগ হওয়ায় বিগত ২০২৫-২৬ অর্থবছরে এই বাড়তি রাজস্ব আয়ের প্রমাণ মেলে। সেই অর্থবছর বন্দর ৬ হাজার ৮০০ কোটি টাকা আয় করে নতুন রেকর্ড গড়ে। অথচ ২০২৪-২৫ অর্থবছরে বন্দর আয় করেছিল ৫ হাজার ৩০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে আয় করেছিল ৪ হাজার ৮০০ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪১ শতাংশ মাশুল যোগ হয়ে রাজস্ব আয় বেড়ে ৭ হাজার ১০০ কোটি টাকা ছাড়াবে। অবশ্য এর পরের বছর থেকে বিদেশি অপারেটররা এই বাড়তি রাজস্ব ভোগ করবেন।
এই বাড়তি রাজস্ব আয়ের পেছনে মাশুলের পাশাপাশি ডলারের উচ্চ বিনিময় মূল্যও একটি কারণ। বন্দরের বেশিরভাগ মাশুল ডলারে নির্ধারিত হয়। টাকার অবমূল্যায়নের কারণে টাকার অঙ্কে আয় বেশি দেখাচ্ছে। এ ছাড়া বাড়তি আয়ের আরেকটি কারণ বিলম্ব মাশুল বা ডেমারেজ চার্জ। দেশে পণ্যের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকরা পণ্য যথাসময়ে এনেও ছাড় করছেন না। এর ফলে বিপুল পণ্য বন্দরে পড়ে থাকছে। এসব কনটেইনার থেকে বিপুল পরিমাণ স্টোর রেন্ট বা জরিমানা আদায় করেছে বন্দর।
বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিমও স্বীকার করলেন বিষয়টি, ‘এটা খুব সিম্পল হিসাব। মাশুল বাড়ার কারণে বন্দরের এই বাড়তি রাজস্ব আয় হয়েছে।’
বাড়তি মাশুল নিয়ে বেশি রাজস্ব আয় করে চট্টগ্রাম বন্দর খুশিতে থাকলেও তার খেসারত শেষ পর্যন্ত দিতে হচ্ছে ভোক্তাকে। বন্দরের মাশুল বাড়লে আমদানিকারকের ব্যয় বাড়ে। এর সঙ্গে যুক্ত হয় ডলারের বাড়তি বিনিময় মূল্য এবং ইয়ার্ডের চড়া স্টোরেজ রেন্ট। আমদানিকারক এই বাড়তি খরচের এক পয়সাও নিজের পকেট থেকে বহন করেন না। পণ্য আমদানির মোট ব্যয়ের সঙ্গে এই খরচ যোগ করে দেন। বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের ভাষ্য, ‘বন্দরের এই মুনাফা আসলে বাজারে নতুন করে মূল্যস্ফীতি উসকে দিচ্ছে এবং পণ্যের চড়া মূল্যের মাধ্যমে তা সাধারণ ভোক্তার পকেট থেকেই খসছে।’
আমদানি কমার পেছনে সবচেয়ে বড় কারণ হলো উচ্চ মূল্যস্ফীতি ও মানুষের পণ্য কেনার ক্ষমতা হ্রাস। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকটও। দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার ৮-৯ শতাংশের ঘরে ওঠানামা করছে। ২০২৬ সালের সেপ্টেম্বরেও মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। আয় না বাড়ায় মানুষ বাধ্য হয়ে ভোগ কমাচ্ছে। আগে যে ক্রেতা এক কেজি পণ্য কিনতেন, তিনি এখন ৭০০ বা ৮০০ গ্রাম কিনছেন। এতে বাজারে পণ্যের চাহিদা ২০- ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। খুচরা-পাইকারিতে চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়ীরাও বাধ্য হয়ে বিদেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। এ ছাড়া চীন বা ভারতের মতো দেশে খাদ্যপণ্য বা জ্বালানির পর্যাপ্ত কৌশলগত মজুদ নেই। ফলে বৈশ্বিক বাজারের যেকোনো অস্থিরতার সরাসরি প্রভাব দেশের ভোক্তাদের ওপর পড়ছে।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. ফাহমিদা খাতুন বললেন, ‘আমরা কার্যত মন্দার মধ্যেই রয়েছি। প্রবৃদ্ধির গতি ধীর, উচ্চ মূল্যস্ফীতি আর মজুরি সূচক তার চেয়েও কম থাকায় মানুষের প্রকৃত আয় তীব্র চাপে পড়েছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, সামগ্রিক অর্থনীতি এখন স্থবির ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এতে করেই আমদানি কমছে।’ দেশে মূলত মূলধনি যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও বিলাসবহুল পণ্যের আমদানি সবচেয়ে বেশি কমেছে। নতুন কারখানা স্থাপন বা পুরনো কারখানার সম্প্রসারণ না হলে মূলধনি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। গ্যাস-বিদ্যুতের অভাবে অনেক শিল্পকারখানা তাদের উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না। ফলে শিল্পের কাঁচামাল আমদানিও কমে গেছে। উদ্যোক্তারা এখন নতুন বিনিয়োগের বদলে শুধু ব্যবসা টিকিয়ে রাখার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।



