হাম ও ডেঙ্গুতে ৫ মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে ডেঙ্গু ও হাম আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং ডেঙ্গুতে দুজন মারা যায়।
আজ মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন হলেন নাজমা শারমিন (৪৯)। তিনি সোমবার বিকেলে নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া আজ মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী রিফাত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়।
নিহত কোরবান আলী রিফাত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। সোমবার তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৯৪ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩ হাজার ৬৮৩ জন হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৯ জন।
এরমধ্যে চমেকে আজ ভোরে মারা যাওয়া রিফাতের নাম এখনো সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় যোগ হয়নি। হাসপাতালের রিভিউ কমিটির প্রতিবেদনের পর তা যুক্ত করা হবে।
এ ছাড়া শনিবার সাজিনাস হাসপাতালের আইসিইউ থেকে বাসায় নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হওয়া অন্তসত্ত্বা নারী মণি আকতারের নামও সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু প্রতিবেদনে আসেনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন উপজেলা পর্যায়ে এবং একজন মহানগরের হাসপাতালে মৃত্যুবরণ করেছে বলে সিভিল সার্জন কার্যালয় জানায়।
এ নিয়ে সরকারিভাবে হাম বা উপসর্গে মৃত্যু দাঁড়াল ২৫ জনে। এখন পর্যন্ত ৮ হাজার ৪২৫ জন হামের চিকিৎসা নিয়েছে।



