চট্টগ্রাম জুড়ে বৃষ্টি, জলজট-পাহাড় ধসের শঙ্কা

কয়েকদিনের বিরতির পর আবারও বৃষ্টিতে ভিজছে চট্টগ্রাম। ছবি: আগামীর সময়
কয়েকদিনের বিরতির পর আবারও বৃষ্টিতে ভিজছে চট্টগ্রাম। মঙ্গলবার হালকা বৃষ্টি ছিল। তা-ও থেমে থেমে। বুধবার সন্ধ্যা নামতেই বাড়ে তীব্রতা। রাতভরও চলেছে হালকা থেকে মাঝারি তালে। যা আজ বৃহস্পতিবার সকাল থেকেও অব্যাহত আছে।
আবহাওয়া অফিস বলছে, বায়ুচাপের তারতম্য ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে আবার বৃষ্টির এ আনাগোণা। তাদের পূর্বাভাস অনুযায়ী এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা থাকছে। নিচু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৮ দশমিক ২ মিলিমিটার।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানালেন, চট্টগ্রামে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আরও ২ দিন অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক ওইদিন সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাতের আভাস দিয়েছিলেন।





