বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা কমাতে কাজ করবে জাতিসংঘের আইএলও

বিশ্বজুড়ে জাহাজে সুনামের সঙ্গে কর্মরত বাংলাদেশি নাবিকদের ভিসা সংকট নিরসন ও ব্রান্ডিং করতে এগিয়ে এসেছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটি বাংলাদেশি মেরিনারদের দক্ষতা বিশ্ববাজারে তুলে ধরা এবং প্রধান আন্তর্জাতিক মেরিটাইম হাবগুলোতে ভিসা প্রক্রিয়া সহজ করতে বহুমাত্রিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।
গত ১০ অক্টোবর চট্টগ্রামের বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (বিএমএমওএ) চট্টগ্রাম অফিসে আইএলও বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সফরে আইএলওর হেড অব প্রোগ্রাম গুঞ্জন বাহাদুর দাল্লাকোটি, ইআইএস প্রজেক্টের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ সাদ হুসাইন জিলানী এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদিজা খোন্দকার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সংগঠন সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে বিশ্ববাজারে দেশীয় নাবিকদের কর্মসংস্থান বৃদ্ধি ও প্রশাসনিক বাধা দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আইএলও প্রতিনিধিরা দুটি প্রধান বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
একটি হচ্ছে, বিএমএমওএ এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম এমপ্লয়ার্স কাউন্সিলের সঙ্গে যৌথভাবে বিশ্ববাজারে বাংলাদেশি নাবিকদের ব্র্যান্ডিং করা। দ্বিতীয়টি, প্রধান প্রধান মেরিটাইম হাব দেশগুলোর সাথে চলমান ভিসা সমস্যা সমাধানে কাজ করা।
বর্তমানে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, চীন ও বিভিন্ন ইউরোপীয় দেশের মতো বিশ্বখ্যাত মেরিটাইম হাবগুলোতে বাংলাদেশি মেরিনারদের সাইন-অন এবং সাইন-অফ (জাহাজে ওঠা ও নামা) করার ক্ষেত্রে ট্রানজিট ভিসা পেতে বেশ জটিলতা আছে। অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি জটিলতা এড়াতে বাংলাদেশি নাবিকদের নিয়োগ দিতে অনীহা দেখাচ্ছে। এই স্থবিরতা নিরসনে আইএলও প্রতিনিধি দল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস ও হাই কমিশনগুলোর সঙ্গে সরাসরি সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছে।
কূটনৈতিক ও প্রশাসনিক আলোচনার মাধ্যমে ভিসা ইস্যুর বাধাগুলো দ্রুত সমাধানের পথ খুঁজে সরকারকে পরামর্শ দিবে দুই সংগঠন আইএলও এবং বিএমএমওএ।
আন্তর্জাতিক মেরিটাইম এমপ্লয়ার্স কাউন্সিল হলো বিশ্বজুড়ে জাহাজ মালিক ও পরিচালকদের একমাত্র আন্তর্জাতিক নিয়োগকর্তা সংস্থা, যারা ৫০টিরও বেশি দেশের হাজার হাজার বাণিজ্য জাহাজে নাবিক নিয়োগ ও তাদের কাজের পরিবেশ তদারকি করে। বিএমএমওএ আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটির সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। মূলত বিশ্ববাজারে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ সিফেয়ারার্স’ কার্যক্রমের অংশ হিসেবে বিএমএমওএ এবং আইএমইসি একসঙ্গে দেশীয় মেরিনারদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ও পেশাদারিত্ব প্রচার করবে। এর মাধ্যমে বৈশ্বিক শিপিং কোম্পানিগুলোর মাঝে বাংলাদেশি নাবিকদের প্রতি আস্থা বাড়ানো ও সরাসরি নিয়োগের সুযোগ উন্মুক্ত করা হবে।
নৌ-খাতের সংশ্লিষ্টরা আশা করছেন, আইএলওর এই কূটনৈতিক সহযোগিতা ও আইএমইসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়ন হলে বাংলাদেশি নাবিকদের দীর্ঘদিনের কর্মসংস্থান সংকট কাটবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।



