সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : অস্ত্র হাতে মহড়া দেওয়া ৩ জন গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া দেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের অস্ত্রগুলো পুলিশ উদ্ধার করতে পারেনি।
গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এই তিনজন হলেন- সাদেক আলী (২৮), কামরুল হাসান (৪৩) ও মোহাম্মদ হানিফ (৩৪)।
চট্টগ্রামের এসপি মাসুদ আলম বললেন, ‘একই সময়ে একই স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে আমরা দেশি-বিদেশি অস্ত্রের প্রদর্শন দেখেছি। এটা মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমরা তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
এসপি জানালেন, সাদেককে চট্টগ্রামের মীরসরাই ও কামরুলকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। হানিফ সীতাকুণ্ডের অপরাধপ্রবণ জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাস করেন। তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
‘সাদেকের কাছে একটা ভারী অস্ত্র দেখা গিয়েছিল। সেটা পাওয়া যায়নি। তার কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক উদ্ধার হয়েছে। তাদের প্রদর্শিত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে’, বলেন এসপি।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বললেন, ‘সংঘর্ষের সময় কামরুলের হাতে শুটার গান ও হানিফের কাছে পিস্তল ছিল। তারা অস্ত্রগুলো হাতবদল করে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি। সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শন করা চারজনকে আমরা শনাক্ত করেছি। এদের মধ্যে সিরাজ নামে একজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর বিকালে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় নেতাকর্মীদের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘাত হয়।





