চিঠি পাঠাতে ডুব দিতে হয় সমুদ্রের তলায়

চিঠি পাঠাতে হলে যেতে হবে পানির নিচে
কাউকে চিঠি পাঠাতে হলে একসময় আমরা ডাকঘরে যেতাম। খামে ভরে চিঠি ফেলতাম ডাকবাক্সে। কিন্তু এমন এক ডাকঘরও আছে, যেখানে চিঠি পাঠাতে হলে যেতে হবে পানির নিচে।
অবিশ্বাস্য মনে হলেও এমন ব্যতিক্রমী ডাকঘর আসলেই আছে।
এর অবস্থান প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর হাইডঅ্যাওয়ে আইল্যান্ডে। নাম ‘আন্ডারওয়াটার পোস্ট অফিস’। এটি সমুদ্রের প্রায় তিন মিটার গভীরে অবস্থিত। ২০০৩ সালের মে মাসে চালু হওয়া এই ডাকঘরকে বিশ্বের একমাত্র পানির নিচের ডাকঘর বলে দাবি করে ভানুয়াতুর ডাক বিভাগ।
পানির নিচে চিঠির বাক্স
সাধারণ ডাকঘরের সঙ্গে এর পার্থক্য শুধু অবস্থানে নয়, চিঠি পাঠানোর পদ্ধতিতেও। এখানে সাধারণ কাগজের চিঠি জমা দেওয়ার সুযোগ নেই। পর্যটকদের কিনতে হয় বিশেষ জলরোধী পোস্টকার্ড। তাতে নিজের মনের কথা লিখে স্নরকেলিংয়ের সরঞ্জাম পরে নেমে যেতে হয় পানির নিচে। এরপর নির্দিষ্ট ডাকবাক্সে পোস্টকার্ডটি জমা দিলেই কাজ শেষ।
তবে পানির নিচে ডাকটিকিটে সিল মারার কাজটি সহজ নয়। সাধারণ কালি ব্যবহার করলে পানিতে তা ছড়িয়ে যেতে পারে। তাই এখানে ব্যবহার করা হয় বিশেষ এমবসিং যন্ত্র। এর সাহায্যে পোস্টকার্ডের গায়ে স্থায়ীভাবে ডাকঘরের ছাপ বসানো হয়। পরে সেগুলো সংগ্রহ করে সাধারণ ডাকব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়।
যারা সাঁতার জানেন না কিংবা পানির নিচে নামতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা। দ্বীপের কর্মীদের সহায়তায় তারাও এই বিশেষ ডাকঘরের মাধ্যমে পোস্টকার্ড পাঠাতে পারেন।
ডাককর্মীর কর্মস্থল সমুদ্রের তলায়
এই ডাকঘরের কর্মীদের কর্মজীবনও বেশ বিচিত্র। অন্য ডাককর্মীদের মতো তাদের বসে বসে চিঠি বাছাই করার সুযোগ নেই। দায়িত্ব পালনের জন্য তাদের নামতে হয় পানির নিচে। নির্দিষ্ট সময়ে কর্মীরা সেখানে উপস্থিত থাকেন। ডাকঘর খোলা থাকলে পানির ওপরে একটি পতাকা উত্তোলন করা হয়। সেটি দেখে পর্যটকেরা বুঝতে পারেন, এখন পোস্টকার্ড জমা দেওয়ার সময়।
২০০৩ সালে ডাকঘরটি চালুর সময় চারজন ডুবুরি-প্রশিক্ষণপ্রাপ্ত ডাককর্মী পালাক্রমে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি। পরবর্তী সময়ে ২০১৭ সালে স্মিথসোনিয়ান ম্যাগাজিনেও এই ডাকঘর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ডাককর্মী ভিরা তিমবাচির অভিজ্ঞতার কথা উঠে আসে।
পর্যটকদের জন্য অন্য রকম অভিজ্ঞতা
ভানুয়াতু ৮৩টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটির মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে সমুদ্রের নিবিড় সম্পর্ক রয়েছে। স্বচ্ছ নীল জল, প্রবালপ্রাচীর ও সামুদ্রিক প্রাণীর জন্যও দেশটি পর্যটকদের কাছে আকর্ষণীয়। এর মধ্যে পানির নিচের ডাকঘর যেন বাড়তি এক বিস্ময়।
সূত্র: এবিসি নিউজ, স্মিথসোনিয়ান ম্যাগাজিন



