বিক্রি হয়ে গিয়েছিল আইফেল টাওয়ার!

ভিক্টর লুস্টিং ছিলেন খুব ধূর্ত এক জালিয়াত
প্যারিসের রাজপথে ফিটফাট স্যুট পরে হেঁটে চলেছেন এক ভদ্রলোক। পথচারী শ্রদ্ধায় হ্যাট উঁচিয়ে সম্মান জানাচ্ছে, ‘মঁসিও লে মিনিস্ত্র’ (মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়)। তিনিও মৃদু হেসে মাথা নেড়ে অভিবাদন গ্রহণ করছেন। অথচ পুরোটাই ছিল নিখুঁত এক অভিনয়! এই মার্জিত ভদ্রলোকের নাম ভিক্টর লুস্টিং। ইতিহাসের অন্যতম কুখ্যাত এই প্রতারক এমন এক অসম্ভব কাণ্ড ঘটিয়েছিলেন, যা শুনলে আজও চোখ কপালে উঠতে বাধ্য। তিনি বিশ্বখ্যাত আইফেল টাওয়ার বিক্রি করে দিয়েছিলেন; তাও একবার নয়, দু-দুবার!
১৮৯০ সালে তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের (বর্তমান চেক প্রজাতন্ত্র) হোস্টিন্নে শহরে জন্ম নেওয়া এই মানুষটির আসল নাম ছিল রবার্ট মিলার। তবে কৈশোর থেকেই ছদ্মবেশ ধারণ ও মিথ্যা বলায় তার জুড়ি মেলা ভার ছিল। কখনো ব্যারন, কখনো কাউন্ট— এমন সব অভিজাত উপাধি নিয়ে তিনি ইউরোপের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ঘুরে বেড়াতেন। কার্ড খেলায় অসম্ভব পটু লুস্টিং ভিয়েনার ক্যাসিনো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের বিলাসবহুল জাহাজের পোকার টেবিলগুলোতে ধনী যাত্রীদের সর্বস্বান্ত করতেন। তার মেয়ে বেটির স্মৃতিচারণায় উঠে এসেছে এক অদ্ভুত তথ্য, ছোটবেলায় বাবা তাকে প্রথম যে কথাগুলো শিখিয়েছিলেন, তা ছিল ‘কখনো পুলিশের সঙ্গে কথা বলবে না’।
১৯২৫ সালের দিকে প্যারিসে পা রাখেন লুস্টিং। সে সময় আইফেল টাওয়ারের বয়স ৩৮ বছর। ফরাসিরা তখন এই ল্যান্ডমার্কটিকে দেখতে পারত না; অনেকেই একে ‘উটকো জঞ্জাল’ বলে গালি দিত। টাওয়ারটির রক্ষণাবেক্ষণের বিশাল খরচ মেটাতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছিল এবং সংবাদপত্রে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। ঠিক তখনই লুস্টিংয়ের মাথায় আসে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক বুদ্ধি, তিনি আইফেল টাওয়ারটিই স্ক্র্যাপ বা লোহালক্কড় হিসেবে বিক্রি করে দেবেন! পরিকল্পনা অনুযায়ী, প্যারিসের অভিজাত হোটেল ‘ডি ক্রিলন’-এ একটি কক্ষ ভাড়া নেন তিনি। সরকারি দপ্তরের ভুয়া প্যাড তৈরি করে দেশের শীর্ষস্থানীয় পাঁচজন স্ক্র্যাপ ব্যবসায়ীকে গোপন মিটিংয়ে ডেকে পাঠান। নিজেকে ডাক ও তার মন্ত্রণালয়ের উপমহাপরিচালক হিসেবে পরিচয় দিয়ে জানান, সরকার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আইফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিষয়টি গোপন রাখতে হবে।
এই ফাঁদে পা দেন আন্দ্রে পোইসোঁ নামের এক উচ্চাভিলাষী ব্যবসায়ী, যিনি সদ্য প্যারিসে এসে নিজের ভাগ্য পাকা করার চেষ্টা করছিলেন। লুস্টিংয়ের অমায়িক ব্যবহার, রাষ্ট্রীয় গোপনীয়তার ভান এবং সুকৌশলী কথাবার্তায় পুরোপুরি বিশ্বাস করে বসেন পোইসোঁ। চুক্তি সম্পন্ন হওয়ার পর টাওয়ারের মূল দামের পাশাপাশি ঘুষ হিসেবে ক্যাশ টাকায় অতিরিক্ত অর্থও তুলে দেন লুস্টিংয়ের হাতে। টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যান এই মাস্টারমাইন্ড। এদিকে লোকলজ্জার ভয়ে এবং প্রতারিত হওয়ার অপমান থেকে পোইসোঁ দীর্ঘদিন বিষয়টি পুলিশকে জানাতে পারেননি। দুঃসাহসিক এই প্রতারণার পর লুস্টিং থেমে থাকেননি। এক মাস পর তিনি একই কায়দায় দ্বিতীয় দফায় আরেক ব্যবসায়ীকে টাওয়ারটি বিক্রির চেষ্টা করেন। তবে দ্বিতীয় ক্রেতার সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন এবং প্রথমবারের মতো সংবাদপত্রে এই কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে।
প্যারিস ছেড়ে আমেরিকা পাড়ি জমান লুস্টিং। আমেরিকায় গিয়ে তিনি বিখ্যাত গ্যাংস্টার আল ক্যাপোনকে পর্যন্ত প্রতারিত করেন এবং একসময় জাল নোট তৈরির বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। শেষ পর্যন্ত এক ক্ষুব্ধ প্রেমিকার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দাদের হাতে ধরা পড়েন তিনি। কুখ্যাত অ্যালাকাট্রেজ কারাগারে তাকে ২০ বছরের সাজা দেওয়া হয়, যার মধ্যে ১৪ বছর কাটানোর পর তার মৃত্যু হয়। কারাগারে থাকা অবস্থাতেও তিনি ধর্ম ও অনুশোচনার নাটক ফেঁদেছিলেন— কারাগারের চ্যাপলিনের সঙ্গে নিয়মিত দেখা করে তিনি কৌতূহল প্রকাশ করতেন। ঐতিহাসিক ক্রিস্টোফার স্যান্ডফোর্ডের ভাষায়, কে জানে হয়তো তিনি কারাগারেও নতুন কোনো ফন্দি আঁটছিলেন; হতে পারে শেষ পর্যন্ত কোনো মন্ত্রীর ছদ্মবেশ ধারণ করে কারাগার থেকে ঠিকই চম্পট দেওয়ার কথা ভাবছিলেন!






