প্রাণীদের বিশ্বকাপ উন্মাদনা

সংগৃহীত ছবি
বুয়েনস এইরেসের রাস্তায় হাঁটছে ১৩ আর্জেন্টিনা সমর্থক। সবার গায়ে আকাশি-সাদা জার্সি, গলায় দলের রঙের কলার, হাতে নয়— গলায় লিশ। দূর থেকে দেখে মনে হতে পারে, এ তো বুঝি বিশ্বকাপ উপলক্ষে নতুন কোনো ফ্যান ক্লাবের মিছিল! কিন্তু একটু কাছে গেলেই রহস্যের সমাধান। সবাই চার পায়ে হাঁটে! এই অভিনব ‘সমর্থক বাহিনী’র দলনেতা ৩৩ বছর বয়সী কুকুর-পরিচর্যাকারী নাহুয়েল মেনেগিনি, যাকে সবাই আদর করে ‘ন্যানো’ নামে চেনে। প্রতিদিনই তিনি কুকুরগুলোকে হাঁটাতে বের হন। তবে বিশ্বকাপের আমেজে এবার সবাইকে সাজিয়েছেন আর্জেন্টিনার জার্সিতে। নিজেও অবশ্য পুরোপুরি সমর্থকের সাজে— যেন দলের অনানুষ্ঠানিক রাস্তাঘাটের প্রতিনিধি! বুয়েনস এইরেসের সরু ফুটপাত দিয়ে যখন ‘সমর্থকদের’ এই দলটি এগিয়ে যায়, তখন পথচারীরা থমকে দাঁড়ান। কেউ মোবাইল ফোন বের করে ছবি তোলেন, কেউ আবার হেসে চিৎকার করে ওঠেন, ‘চলো আর্জেন্টিনা!’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই দলটির নাম হয়ে গেছে ‘লা পেরোনেতা’। নামটি এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের জনপ্রিয় ডাকনাম ‘লা স্কালোনেতা’ থেকে। বলতে পারেন, মানুষের স্কালোনেতার পাশাপাশি এবার কুকুরদেরও নিজস্ব সমর্থক বাহিনী তৈরি হয়ে গেছে!
দলের দুই সদস্য— সিরিও আর রোবার্তার গায়ে আগে থেকেই ছিল লিওনেল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। তাদের মালিকরা বিশ্বকাপের উত্তেজনায় নিজেরাই জার্সি কিনে দিয়েছেন। তা দেখে ন্যানোর মাথায় আসে এমন ভাবনা— যেহেতু দুজনের আছে, তাহলে বাকিরাইবা বাদ যাবে কেন? ব্যস! এক পোষাপ্রাণীর দোকানে গিয়ে বিভিন্ন মাপের আর্জেন্টিনার জার্সি কিনে ফেললেন। কুকুরগুলোর মালিকদেরও আপত্তি ছিল না। বরং সবাই খুশি মনে রাজি হয়ে গেলেন।




