জাপানের যে সিঁড়িতে পা রাখতেই বুক কাঁপে

জাপানের গেরো শহরের কানায়ামাচো এলাকায় মাজে নদীর তীরে রয়েছে এক অদ্ভুত সিঁড়ি। দূর থেকে দেখতে সাধারণ সিঁড়ি মনে হলেও, একে সিঁড়ির চেয়ে কংক্রিটের মই বলাই বেশি মানানসই। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ একে জাপানের সবচেয়ে ভয়ংকর সিঁড়ি বলেও আখ্যা দিয়েছেন। নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হয়, সিঁড়িটি মাটির সঙ্গে প্রায় খাড়াভাবে দাঁড়িয়ে আছে। ধাপগুলো এতটাই সরু যে পা রাখাই কঠিন। আর ভরসা বলতে রয়েছে একটি মরচে ধরা হাতল।
এই সিঁড়ির ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯৬০-এর দশকের শুরুর দিকে বন্যার হাত থেকে শহরকে রক্ষা করতে স্থানীয় কর্তৃপক্ষ একটি উঁচু ও মজবুত বাঁধ নির্মাণ করে। বাঁধের কাজ শেষ হওয়ার পর দেখা দেয় নতুন সমস্যা। মাজে নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বাঁধের ওপারে যেতে পারছিলেন না। তাদের দাবি ও অভিযোগের মুখে পরে বাঁধের সঙ্গে এই বিশেষ সিঁড়িটি তৈরি করা হয়, যাতে সহজেই নদীর তীরে পৌঁছানো যায়।
সিঁড়িটির ভয়ংকর রূপের প্রধান কারণ এর অস্বাভাবিক নকশা। সাধারণ সিঁড়িতে ধাপের উচ্চতার তুলনায় পা রাখার জায়গার গভীরতা বেশি থাকে। প্রচলিত হিসাবে উচ্চতা ও গভীরতার অনুপাত ১:২। কিন্তু এই সিঁড়িতে তা ১:১। অর্থাৎ ধাপের উচ্চতা ও গভীরতা সমান, ফলে এটি সাধারণ সিঁড়ির তুলনায় অনেক বেশি খাড়া। এমন নকশার আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা কর্তৃপক্ষ দেয়নি। তবে অনেকের ধারণা, নির্মাণব্যয় কমাতেই এমন ব্যবস্থা করা হয়েছিল।
এক শৌখিন আলোকচিত্রীর তোলা ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে সিঁড়িটি আলোচনায় আসে। এরপর থেকেই রোমাঞ্চপ্রিয় মানুষেরা সেখানে ভিড় করতে শুরু করেন। তবে গেরো শহরের পর্যটন সংস্থা এটিকে পর্যটন আকর্ষণ হিসেবে প্রচার করতে চায় না। দুর্ঘটনার ঝুঁকি বেশি হওয়ায় মাইনচি শিমবুনকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, তারা সিঁড়িটিকে নিরাপদ বলতে পারছেন না। কেউ এটি ব্যবহার করতে চাইলে নিজের দায়িত্বেই করতে হবে। কোনো দুর্ঘটনা বা আঘাতের দায় কর্তৃপক্ষ নেবে না।
যারা এই সিঁড়ি ব্যবহার করেছেন, তাদের অভিজ্ঞতা রোমাঞ্চকর হলেও বেশ ভীতিকর। ওপরে ওঠার চেয়ে নিচে নামাই বেশি কঠিন। ধাপগুলো এত সরু যে পুরো পা রাখার জায়গাও মেলে না। ধরার জন্য রয়েছে কেবল একটি মরচে ধরা লোহার হাতল, যা খুব একটা ভরসা জোগায় না। এর সঙ্গে খাড়া ঢাল এবং ধাপে জমে থাকা পিচ্ছিল শেওলা ঝুঁকি আরও বাড়িয়েছে। ওপর থেকে নিচে তাকালে উচ্চতার কারণে অনেকের মাথা ঘুরতে পারে। সামান্য অসাবধানতাও ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা।
তারপরও রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে এই অদ্ভুত কংক্রিটের মই এখন বিশেষ আকর্ষণ। তবে সেখানে যাওয়ার আগে ঝুঁকির বিষয়টি মাথায় রাখা জরুরি।
সূত্র: অডিটি সেন্ট্রাল





