যে বইয়ের ভাষা আজও বোঝা যায়নি

পাতাজুড়ে অচেনা গাছপালা আর গ্রহ-নক্ষত্রের নকশা
পুরোনো একটি বই। পাতাজুড়ে অচেনা গাছপালা, গ্রহ-নক্ষত্রের নকশা, ওষুধ তৈরির পাত্র এবং স্নানরত নারীর ছবি। ছবিগুলোর পাশে লেখা রয়েছে অদ্ভুত সব শব্দ। দেখতে বর্ণমালার মতো হলেও সেগুলোর অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। কয়েক শ বছর ধরে ভাষাবিদ, ইতিহাসবিদ ও সাংকেতিক ভাষা বিশেষজ্ঞরা চেষ্টা করেছেন। কিন্তু রহস্যের সমাধান হয়নি। বইটির নাম ভয়নিখ পাণ্ডুলিপি। সম্প্রতি নতুন এক গবেষণায় এর পাতা সাজানোর পদ্ধতি নিয়ে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।
পাণ্ডুলিপির রহস্য
১৯১২ সালে পোলিশ বই ব্যবসায়ী উইলফ্রিড ভয়নিখ ইতালির রোমের কাছে একটি যাজকীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাণ্ডুলিপিটি সংগ্রহ করেন। তার নাম অনুসারেই পরে বইটির নাম হয় ভয়নিখ পাণ্ডুলিপি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বেইনেকে রেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে এটি সংরক্ষিত আছে।
দুই শতাধিক পৃষ্ঠার এই বইয়ে রয়েছে নানা ধরনের ছবি। একটি অংশে অচেনা উদ্ভিদ ও ভেষজের চিত্র। অন্য অংশে সূর্য, চাঁদ, নক্ষত্র ও রাশিচক্রের নকশা। কোথাও দেখা যায়, সবুজ পানির মতো জলাশয়ে নগ্ন নারীরা স্নান করছেন। আবার কিছু পাতায় রয়েছে ওষুধ তৈরির পাত্র ও গাছের শিকড়ের ছবি।
গবেষকদের ধারণা, বইটিতে প্রকৃতি, জ্যোতির্বিদ্যা, ভেষজ চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক তথ্য থাকতে পারে। কিন্তু এর লেখার অর্থ জানা না যাওয়ায় বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
একসময় ধারণা করা হয়েছিল, ত্রয়োদশ শতকের ইংরেজ দার্শনিক ও বিজ্ঞানী রজার বেকন পাণ্ডুলিপিটি লিখেছেন। তবে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কার্বন পরীক্ষার মাধ্যমে এর চামড়ার পাতার বয়স নির্ধারণ করেন। পরীক্ষায় দেখা যায়, পাণ্ডুলিপিটি ১৪০৪ থেকে ১৪৩৮ সালের মধ্যে তৈরি। ফলে রজার বেকনের লেখক হওয়ার ধারণা টেকেনি।
পাতা বাঁধাইয়ে ভুল?
সম্প্রতি পিয়ার-রিভিউড সাময়িকী ডিজিটাল মেডিয়েভালিস্ট-এ প্রকাশিত এক গবেষণায় পাণ্ডুলিপিটির গঠন নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন কলিন লেফিল্ড ও লিসা ফ্যাগিন ডেভিস। তাদের মতে, বইটির পাতাগুলো শুরুতে বর্তমানের মতো বাঁধাই করা ছিল না। বরং আলাদা কাগজের গুচ্ছ একটির ওপর আরেকটি সাজিয়ে রাখা হয়েছিল। পরে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে সেগুলো প্রচলিত পদ্ধতিতে বাঁধাই করতে গিয়ে ক্রমে পরিবর্তন ঘটে।
গবেষকেরা লেখার ধারাবাহিকতা ও ছবির বিন্যাস বিশ্লেষণ করে এ ধারণা দিয়েছেন। তাদের মতে, বর্তমান বিন্যাসে কিছু ছবির রেখা বইয়ের ভেতরের ভাঁজ পর্যন্ত গিয়েও বিপরীত পাতার ছবির সঙ্গে মেলে না। কিন্তু পাতাগুলো আলাদা গুচ্ছ হিসেবে সাজিয়ে দেখলে এসব ছবির মধ্যে সংযোগ পাওয়া যায়।
নতুন এই ব্যাখ্যা অনুযায়ী, পাণ্ডুলিপিটি কোনো একক ব্যক্তির তৈরি রহস্যময় বই না-ও হতে পারে। বরং কয়েকজন মিলে প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান ও অভিজ্ঞতা পৌঁছে দিতে এটি তৈরি করেছিলেন। হাতের লেখার বিশ্লেষণেও অন্তত পাঁচজন লেখকের অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া গেছে।
গবেষকদের একজন লিসা ফ্যাগিন ডেভিসের ধারণা, পাণ্ডুলিপিতে নারীদের প্রজননস্বাস্থ্য, ভেষজ চিকিৎসা ও লোকজ জ্ঞানের বিষয় থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।
ভাষার রহস্য এখনো অমীমাংসিত
ভয়নিখ পাণ্ডুলিপির ভাষা নিয়ে রয়েছে নানা তত্ত্ব। কেউ মনে করেন, এটি কোনো সাংকেতিক ভাষা। কারও ধারণা, মধ্যযুগের কোনো হারিয়ে যাওয়া ভাষায় লেখা হয়েছে বইটি। আবার কেউ একে পরিকল্পিত প্রতারণা বলেও মনে করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাংকেতিক বার্তা পাঠোদ্ধারে ভূমিকা রাখা উইলিয়াম ও এলিজাবেথ ফ্রিডম্যান দম্পতিও দীর্ঘদিন পাণ্ডুলিপিটি নিয়ে গবেষণা করেছিলেন। কিন্তু তাঁরাও এর অর্থ উদ্ধার করতে পারেননি।
নতুন গবেষণায় পাণ্ডুলিপির পাতার বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পাওয়া গেলেও ভাষার রহস্যের সমাধান হয়নি। ফলে কয়েক শ বছর ধরে গবেষকদের কৌতূহল জাগিয়ে রাখা বইটি এখনো অমীমাংসিত এক ধাঁধা হয়ে রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, হিস্ট্রি ডট কম





