সৌদি আরবের নিরাপত্তায় একজোট পাকিস্তান-তুরস্ক

ছবি : আল জাজিরা
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। একই সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে তিন দেশ।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এই কমিটিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।
প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন পর্যালোচনা করেছে তিন দেশ। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে তারা।
ইসহাক দার আরও বলেন, সৌদি আরবের বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে তিন দেশ।
তিনি আরও বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং জোরদার করার অঙ্গীকার করেছে তিন দেশ।
সৌদি আরবে অব্যাহত হুতি হামলা
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন শহর, তেল স্থাপনা ও জাহাজ চলাচল লক্ষ্য করে বারবার হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুতিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন।
শুক্রবারের বৈঠকে এসব হামলার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হয়েছিল। তবে হামলা মোকাবিলায় কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে জোটভুক্ত দেশগুলোর জরুরি বৈঠকে সৌদি আরবে সেনা ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেগুলো দ্রুত মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছিল কমিটি।
পাকিস্তান আগেই সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইয়েমেনের ভেতরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার বিষয়টি নাকচ করেছে দেশটি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও গত সপ্তাহে দেশটির গণমাধ্যমকে বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা নিশ্চিত করাই বর্তমানে আঙ্কারার নীতির লক্ষ্য।
তিনি বলেন, ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
ইসহাক দার জানান, শুক্রবারের বৈঠকে জোটের আগের বৈঠকগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিন দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পারস্পরিক নিরাপত্তা-উদ্বেগ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখতে সশস্ত্র বাহিনীগুলোর সম্মিলিত সক্ষমতা ও সমন্বয় বাড়ানোই এর লক্ষ্য।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, এ ধরনের সমন্বিত উদ্যোগই জোটের কৌশলের মূল ভিত্তি।
বৈঠক শেষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, এই জোটের মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর সামরিক ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা একত্র করা। এর মাধ্যমে সম্মিলিত শক্তি ও প্রভাব বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় আরও বেশি অবদান রাখা সম্ভব হবে।
ফিদান আরও জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়েও কথা হয়েছে। পাশাপাশি জোটে নতুন দেশগুলোর সদস্যপদ পাওয়ার সম্ভাবনা এবং এ ক্ষেত্রে অনুসরণীয় রূপরেখা নিয়ে নীতিগতভাবে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত আগস্টে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, মিসরও এই চুক্তিতে যোগ দিতে পারে।
বাংলাদেশও চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি গত মাসে জানিয়েছিলেন, দামেস্কও মক্কা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।




