১৮৮১ সালের গির্জা এখন ডাবলিনের মসজিদ

সংগৃহীত ছবি
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রায় দেড়শ বছরের পুরোনো একটি গির্জায় এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসলমানরা। একসময় প্রেসবিটারিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনটি বর্তমানে পরিচিত ‘ডাবলিন মসজিদ ও ইসলামিক সেন্টার’ নামে। সময়ের সঙ্গে ভবনটির ধর্মীয় পরিচয় বদলালেও অক্ষুণ্ন রয়েছে এর ঐতিহাসিক ও স্থাপত্যগত বৈশিষ্ট্য।
ডাবলিনের সাউথ সার্কুলার রোডে অবস্থিত ভবনটির আদি নাম ছিল ‘ডোনোর প্রেসবিটারিয়ান চার্চ’। আয়ারল্যান্ডের ঐতিহাসিক স্থাপত্যবিষয়ক নথি অনুযায়ী, ১৮৮০ থেকে ১৮৮১ সালের মধ্যে গির্জাটি নির্মাণ করা হয়। স্থপতি উইলিয়াম স্টার্লিংয়ের নকশায় তৈরি ভবনটি ১৮৮১ সালের ২৯ জুলাই উদ্বোধন করা হয়েছিল।
গথিক পুনর্জাগরণধর্মী স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটিতে রয়েছে পাথরের দেয়াল, খিলানযুক্ত জানালা এবং সামনের দিকে বৃত্তাকার রঙিন কাচের জানালা। একসময় প্রেসবিটারিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের নিয়মিত ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র ছিল এটি।
পরবর্তী সময়ে গির্জাটির কার্যক্রম অন্য একটি গির্জার সঙ্গে একীভূত হলে ভবনটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮৩ সালে আয়ারল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সংগঠন ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড ভবনটি অধিগ্রহণ করে। প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের পর সেখানে মসজিদ ও ইসলামিক সেন্টারের কার্যক্রম শুরু হয়। তবে কিছু স্থাপত্যবিষয়ক সূত্রে ভবনটি অধিগ্রহণের সাল ১৯৮৪ উল্লেখ করা হয়েছে। সংগঠনটির নিজস্ব ইতিহাসে ১৯৮৩ সালের কথা বলা হয়েছে।
মসজিদে রূপান্তরের সময় ভবনটির মূল স্থাপত্যশৈলীর বড় অংশ সংরক্ষণ করা হয়। গির্জার পুরোনো বেঞ্চ সরিয়ে নামাজের জন্য কার্পেট বিছানো হয়। মুসল্লিদের নামাজের দিক নির্দেশনার জন্য তৈরি করা হয় মিহরাব এবং খুতবা দেওয়ার জন্য স্থাপন করা হয় মিম্বর। এভাবেই পুরোনো গির্জাটি নতুন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে পরিণত হয়।
আয়ারল্যান্ডে মুসলমানদের উপস্থিতির ইতিহাসও কয়েক দশকের পুরোনো। ১৯৫০-এর দশকে বিভিন্ন দেশ থেকে মুসলিম শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ডাবলিনে আসতে শুরু করেন। তাঁদের উদ্যোগে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয় ডাবলিন ইসলামিক সোসাইটি। পরবর্তী সময়ে সংগঠনটি ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড নামে পরিচিতি লাভ করে। শুরুর দিকে স্থায়ী উপাসনালয় না থাকায় বাসাবাড়ি ও ভাড়া করা বিভিন্ন স্থানে নামাজ আদায় করতেন মুসলমানরা।
১৯৭৬ সালে ডাবলিনের হ্যারিংটন স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় আয়ারল্যান্ডের প্রথম মসজিদ ও ইসলামিক সেন্টার। সময়ের সঙ্গে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় আরও বড় পরিসরের উপাসনালয়ের প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন থেকেই পুরোনো গির্জাটি অধিগ্রহণ করা হয়।
বর্তমানে ডাবলিন মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, আয়ারল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানরা এখানে একত্রিত হন, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ পান। খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় থেকে মুসলমানদের মসজিদে রূপান্তরিত হওয়া এই ভবনটি এখন আয়ারল্যান্ডের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক সহাবস্থানের একটি উল্লেখযোগ্য নিদর্শন।




