অনুমতি ছাড়া অনলাইন ব্যবসা, রিয়াদে এশীয় প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা

সৌদি বাণিজ্য মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে স্পনসরের কাছ থেকে গোপন করে অনুমতি ছাড়াই ব্যক্তিগত অনলাইন ব্যবসা পরিচালনা করছিলেন কয়েকজন এশীয় প্রবাসী। এমন অভিযোগের ভিত্তিতে আল-বাথা এলাকায় অনুমোদনহীন এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ-সময় ই-কমার্স ব্যবসা পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার কারণে আটক করা হয় বেশ কয়েকজনকে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৌদি বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ওই প্রতিষ্ঠানে প্রবাসীদের অনলাইন দোকান প্রতিষ্ঠা ও পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। প্রশিক্ষণের জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০০ সৌদি রিয়াল নেওয়া হতো। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-কমার্স সনদ দেওয়ার কথা বলা হলেও প্রতিষ্ঠানটির এ ধরনের প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছিল না।
মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রশিক্ষণ নেওয়া কয়েকজন এশীয় কর্মী স্পনসরের কাছ থেকে পালিয়ে গিয়ে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অনলাইন দোকান প্রতিষ্ঠা ও পরিচালনা করছিলেন। তাদের অনুমোদিত কর্মসংস্থানের বাইরে গিয়ে ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
অভিযোগের ভিত্তিতে সৌদি বাণিজ্য মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং রিয়াদ পুলিশের সংশ্লিষ্ট ইউনিট যৌথ অভিযান চালায়। অভিযানে নিয়মবহির্ভূতভাবে কাজ করা ব্যক্তিদের আটক করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। প্রতিষ্ঠানটি একজন বিদেশি বিনিয়োগকারী ও দুই প্রবাসীর মাধ্যমে পরিচালিত হচ্ছিল। দুই প্রবাসীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বিদেশি বিনিয়োগকারীকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।
সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে আটক ব্যক্তিদের এশীয় কর্মী বা প্রবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কেউ বাংলাদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এর আগে ৭ সেপ্টেম্বর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, কোনো নিয়োগকর্তা তার কর্মীকে অন্যের হয়ে বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করার সুযোগ দিলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ বছর পর্যন্ত নতুন কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা হতে পারে।
এ ছাড়া ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে প্রবাসী কর্মী নিয়োগ বা তাদের অন্যের হয়ে কাজের সুযোগ দেওয়ার ক্ষেত্রে জরিমানা, নতুন কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপকের কারাদণ্ডের বিধান রয়েছে। জরিমানার পরিমাণ সংশ্লিষ্ট কর্মীর সংখ্যার ওপর ভিত্তি করে বাড়তে পারে।
রিয়াদের এই অভিযান সৌদি আরবে শ্রম ও ব্যবসায়িক বিধিবিধান লঙ্ঘনের বিরুদ্ধে চলমান নজরদারির অংশ। বিশেষ করে স্পনসরের অনুমতি ছাড়া ব্যক্তিগত ব্যবসা কিংবা অন্যের হয়ে কাজ করার ক্ষেত্রে প্রবাসীদের সতর্ক থাকার বিষয়টি আবারও সামনে এসেছে।
সূত্র: সৌদি বাণিজ্য মন্ত্রণালয়, সৌদি প্রেস/ওয়াস-ভিত্তিক প্রতিবেদন




