দেশে দেশে হাফপ্যান্ট বিতর্ক

প্রতীকী ছবি
মেট্রোরেলে পোশাক পরার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। তবু ‘অশালীন পোশাক’ পরার অভিযোগ তুলে হাফপ্যান্ট পরা এক অ্যাথলেট প্রশিক্ষককে প্রায় ৪০ মিনিট আটকে রাখার ঘটনা ঘটেছে ঢাকায়। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, গণপরিবহনে একজন মানুষ কী পোশাক পরবেন, সেটি নির্ধারণের এখতিয়ার পুলিশের আছে কি না।
রবিবার মেট্রোরেলে ওঠার সময় টি-শার্ট ও হাফপ্যান্ট পরা অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। সাজ্জাদের অভিযোগ, টিকিট কেটে মেট্রোরেলের ভেতরে প্রবেশের সময় এক পুলিশ সদস্য তাকে ডেকে বলেন, ওই পোশাক পরে মেট্রোরেলে ওঠা যাবে না। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে কয়েকজন পুলিশ সদস্য তাকে নিয়ে হাসাহাসি ও হয়রানি করেন। শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর মেট্রোরেলে উঠতে পারেন তিনি।
শুধু বাংলাদেশ নয়, এমন ঘটনার নজির রয়েছে সারা বিশ্বে। বিভিন্ন দেশে হাফপ্যান্ট বা শর্টস নিয়ে নানা সময়ে তৈরি হয়েছে বিতর্ক। কোথাও পোশাকের কারণে পর্যটকদের মারধরের অভিযোগ উঠেছে, কোথাও ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আবার কোথাও ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সরকারি ভবনে শর্টস পরা নিয়ে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। এমনকি যুক্তরাষ্ট্রের সিনেটেও শর্টস ঘিরে পোশাকবিধি নিয়ে বিতর্ক হয়েছে। চলুন জেনে নেই এমনই কিছু ঘটনা।
ভারত: শর্টস পরায় পর্যটকদের চড়
ভারতের মহারাষ্ট্রের পুনের ঐতিহাসিক সিংহগড় দুর্গে গত আগস্টে শর্টস ও স্লিভলেস পোশাক পরা পর্যটকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, একটি সংগঠনের সদস্যরা কয়েকটি পর্যটক দলের সদস্যদের পোশাক নিয়ে প্রশ্ন করেন। পরে কয়েকজনকে চড় ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ভারত: কলেজে শর্টস নিষিদ্ধ
ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজেও গত ২৯ জুলাই শর্টস নিয়ে বিতর্ক তৈরি হয়। কলেজের নির্দেশনায় শ্রেণিকক্ষ, লাইব্রেরি, অ্যাসেম্বলি হল, ডাইনিং হল ও চ্যাপেলের মতো নির্দিষ্ট স্থানে শর্টস পরা নিষিদ্ধ করা হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা দেখা দেয়।
ভারত: মন্দিরে হাফ প্যান্টে প্রবেশ নিষেধ
উত্তরপ্রদেশের বাগপাটের একটি দিগম্বর জৈন মন্দিরেও ২০২৬ সালে হাফপ্যান্ট, মিনিস্কার্টসহ কিছু পোশাক পরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষ ধর্মীয় স্থানের মর্যাদা ও শালীনতা বজায় রাখার কথা জানায়।
মালয়েশিয়া: শর্টস পরে ভোট দিতে গিয়েও বিপত্তি
মালয়েশিয়ার স্কুদাইয়ের একটি ভোটকেন্দ্রে গত ১১ জুলাই হাফপ্যান্ট পরা এক ভোটারকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশটির নির্বাচন কমিশন জানায়, ভোটকেন্দ্রে শর্টস পরার ওপর কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই।
ইতালি: সৈকতের পোশাকে রাস্তায় হাঁটলে জরিমানা
ইতালির লেক কোমোর পর্যটন শহর ভারেন্নায় গত ৭ জুলাই সৈকতের পোশাক পরে রাস্তায় হাঁটার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। খালি গায়ে বা শুধু সাঁতারের পোশাক পরে রাস্তায় চললে ৫০ থেকে ২০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়। স্থানীয় কর্তৃপক্ষের যুক্তি, সৈকতের পোশাক ও শহরের সাধারণ পোশাকের মধ্যে পার্থক্য থাকা উচিত।
আলজেরিয়া: বারমুডা শর্টস নিষিদ্ধ, দুই দিনেই সিদ্ধান্ত বাতিল
আলজেরিয়ার উপকূলীয় শহর শেতাইবিতে ২০২৫ সালের জুলাইয়ে পুরুষদের বারমুডা শর্টস পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে সিদ্ধান্তটি নিয়ে ব্যাপক বিতর্কের পর মাত্র দুই দিনের মধ্যে তা প্রত্যাহার করা হয়।
নেপাল: হাফ প্যান্ট নিয়ে সংসদে প্রশ্ন
নেপালেও হাফপ্যান্ট নিয়ে প্রশ্ন উঠেছে সংসদে। ২০২৪ সালের ২ জুন প্রতিনিধি পরিষদে সাধারণ মানুষকে হাফপ্যান্ট ও স্যান্ডেল পরে সিংহ দরবারে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি উত্থাপন করেন এক সংসদ সদস্য। সাধারণ মানুষের পোশাকের ওপর এমন বিধিনিষেধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিষয়টি সরকারি ভবনে পোশাকবিধি নিয়ে আলোচনার জন্ম দেয়।
যুক্তরাষ্ট্র: শর্টস পরা সিনেটরকে ঘিরে বদলে গেল নিয়ম
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের সেপ্টেম্বরে পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যানের হুডি ও শর্টস পরে ক্যাপিটলে আসা নিয়ে ব্যাপক আলোচনা হয়। তার পোশাককে কেন্দ্র করে মার্কিন সিনেটের আনুষ্ঠানিক পোশাকবিধি নিয়েও বিতর্ক তৈরি হয়। পরে সিনেটের ফ্লোরে সিনেটরদের পোশাকের ওপর আগের আনুষ্ঠানিক ড্রেস কোড প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নামে শর্টস, কিন্তু বিতর্কে বড়
একটি সাধারণ পোশাক কীভাবে সামাজিক বিতর্ক, সাংস্কৃতিক মূল্যবোধ কিংবা ব্যক্তিস্বাধীনতার প্রশ্নে পরিণত হতে পারে, বিশ্বের এসব ঘটনাই তার উদাহরণ। কোথাও পোশাক নিয়ে বিধিনিষেধ লিখিত, কোথাও স্থানীয় সংস্কৃতি বা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। আবার কোথাও সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও ব্যক্তিগতভাবে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
তাই হাফপ্যান্ট নিয়ে বিশ্বজুড়ে একক কোনো নিয়ম নেই। দেশ, প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও পরিস্থিতি অনুযায়ী শর্টসের গ্রহণযোগ্যতা এবং বিধিনিষেধ বদলে যাচ্ছে।



