ইরানকে ওমানের প্রস্তাব কারও একক কর্তৃত্ব থাকবে না হরমুজে

ছবি: রয়টার্স
ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সংঘাতে ভেঙে পড়া বিশ্ব জ্বালানি বাণিজ্য স্বাভাবিক করতে ‘আঞ্চলিক কাঠামো’র প্রস্তাব দিয়েছে ওমান। তাতে সমর্থন জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। প্রস্তাব অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলো থেকে ইরান ‘স্বেচ্ছামূলক ফি’ বা টোল সংগ্রহ করতে পারবে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
প্রস্তাবনা অনুযায়ী, হরমুজ প্রণালি পরিচালনায় কোনো একক কর্তৃত্ব থাকবে না; ওমান ও ইরান যৌথভাবে প্রণালির সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করবে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্রের বরাতে জানানো হয়, আঞ্চলিক সমর্থনে উত্থাপিত ওমানের এই প্রস্তাবটি গৃহীত হলে ইরান একচ্ছত্রভাবে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে পারবে না।
প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর বাধ্যতামূলক ফি আরোপের পরিবর্তে ‘স্বেচ্ছামূলক ফি’ আদায় করা হবে। এ ব্যবস্থাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘মালাক্কা প্রণালি’র মডেলে তৈরি, যেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর পরিবেশ সুরক্ষা, নেভিগেশন সুবিধা এবং উদ্ধারকাজের জন্য বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে স্বেচ্ছামূলক সহায়তা ফি গ্রহণ করে।
আলোচনা ব্যর্থ হলে ফের হামলার হুমকি ট্রাম্পের: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতার ভালো সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছেন তিনি।’
ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি-নেতানিয়াহুর: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠকে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজে এ দুটি বৈঠক হয়। বিবিসি জানিয়েছে, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নিতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন জেলেনস্কি ও নেতানিয়াহু।




