ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজার থেকে ১ লাখ প্রাণহানির শঙ্কা

সংগৃহীত ছবি
ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে ১০ হাজার থেকে ১ লাখের মতো মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পে ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।
তবে এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি।
স্থানীয় সময় বুধবার বিকালে রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়। এতে বিভিন্ন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন।
পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সূত্র : বিবিসি





