মার্কিন অর্থমন্ত্রী
চীন ছাড়া ইরানের তেল কিনছে কোনো দেশ

স্কট বেসেন্ট- রয়টার্স
চীনই বর্তমানে একমাত্র দেশ, যা ইরানের তেল কিনছে। এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের। অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র আবারও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে—এই আশঙ্কায় ইরানি তেল কিনতে সতর্ক অবস্থান নিয়েছে বলেও দাবি তার।
মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার অনিশ্চয়তার কারণে অধিকাংশ সম্ভাব্য ক্রেতাই ইরানের অপরিশোধিত তেল কিনতে আগ্রহ দেখাচ্ছে না।
তিনি বললেন, ‘এ পর্যন্ত ইরান তেমনভাবে তেল বিক্রি করতে পারেনি। কারণ ক্রেতারা শঙ্কায় রয়েছে—আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে কি না।’
বেসেন্ট আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালেও ইরানের তেল কিনে আসা চীন ছাড়া অন্য কোনো দেশ বর্তমানে ইরানি তেল কিনছে না। এ কারণে আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় ছাড় দিয়ে তেল বিক্রি করতে হচ্ছে তেহরানকে।
তার ভাষায়, সীমিতসংখ্যক ক্রেতা থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে ইরানের আগ্রহ বাড়ার কথা। তিনি চলতি মাসের শুরুতে হওয়া অন্তর্বর্তী শান্তিচুক্তির পরবর্তী আলোচনার প্রসঙ্গও উল্লেখ করেন।
বেসেন্টের মতে, ‘এ কারণেই ইরানের উচিত এই আলোচনাকে আন্তরিকভাবে গ্রহণ করা।’




