‘তুমি এখানে কেন’ বলেই জাতিসংঘে সিএনএনের সাংবাদিককে ট্রাম্পের ধমক

হোয়াইট হাউজে নিষিদ্ধ করা সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আবারও বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। ছবি: রয়টার্স
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সংগ্রহ করতে সিএনএনের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউজে সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করার কয়েক দিন পর মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে ভর্ৎসনা করেন ট্রাম্প।
ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে— ট্রাম্পকে এই প্রশ্ন করেন কলিন্স। এ সময় তিনি একটি জনমত জরিপের কথা উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়েছে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মনে করেন না যে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে।
জবাবে ট্রাম্প বলেছেন, ‘সিএনএন এখানে আমার সংবাদ সংগ্রহ করছে দেখে আমি অবাক হয়েছি।’ এরপর কলিন্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমার এখানে থাকা উচিত নয়। তোমরা বলেছিলে, আমার সংবাদ সংগ্রহ করবে না। তোমার এখানে সংবাদ সংগ্রহ করা উচিত নয়।’
কলিন্স জানিয়েছেন, জাতিসংঘ সিএনএনকে সাধারণ অধিবেশনে সংবাদ সংগ্রহের অনুমতি দিয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করার ঘোষণা দেন। ওই সংবাদমাধ্যমগুলো ‘কল্পকাহিনি ও মিথ্যা’ প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। পরে শনিবার এসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে বাধা দেওয়া হয়।
এরপর তিন সংবাদমাধ্যমই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। হোয়াইট হাউজে তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া এবং নিষেধাজ্ঞা বন্ধের দাবি জানিয়েছে তারা। মামলাটির শুনানি বুধবার হওয়ার কথা রয়েছে।
সিএনএন বলেছে, সরকার ও সরকারি সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব থেকে তারা সরে যাবে না এবং প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে স্বাধীনভাবে প্রতিবেদন চালিয়ে যাবে।
ট্রাম্প তার সিদ্ধান্তকে ‘মুক্ত সংবাদমাধ্যমের ওপর আক্রমণ’ নয় বলে দাবি করেছেন। তার ভাষ্য, জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র : দ্য গার্ডিয়ান




