লন্ডনের হলরুম, সামরিক কারখানা থেকে কাচের প্রাসাদ
একের পর এক ঠিকানা বদলে জাতিসংঘে যেভাবে নিউ ইয়র্কে

গ্রাফিকস: আগামীর সময়
উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে৷ মাথার ওপর নির্মল আকাশ। রোদের ঝিলিকে ডানা মেলে উড়ছে পায়রার দল। চারদিকে শান্তির আবহ। অথচ পৃথিবীর ইতিহাস সব সময় এমন সুন্দর ছিল না। যে আকাশে শান্তির পায়রা ওড়ার কথা, সেই আকাশ থেকেই একদিন ঝরে পড়েছিল মৃত্যুর আগুন। যে মাটিতে মানুষের স্বপ্ন বোনার কথা, সেই মাটি ঢেকে গিয়েছিল যুদ্ধের ধ্বংসস্তূপে। কোটি মানুষের মৃত্যু আর সভ্যতার গভীর ক্ষত থেকে তখন জন্ম নিয়েছিল এক আকাঙ্ক্ষা। এমন একটি পৃথিবী গড়তে হবে, যেখানে অস্ত্রের শক্তি নয়, শেষ কথা বলবে আলোচনা। যেখানে রাষ্ট্রগুলোর বিরোধ মেটাতে থাকবে একটি অভিন্ন মঞ্চ। সেই স্বপ্নেরই নাম জাতিসংঘ।
কিন্তু কী আশ্চর্য! পৃথিবীকে শান্তির ঠিকানা দেওয়ার অঙ্গীকার নিয়ে জন্ম নেওয়া সংস্থাটিরই প্রথমে কোনো স্থায়ী ঠিকানা ছিল না। আশ্রয় নিতে হয়েছিল যুদ্ধবিধ্বস্ত লন্ডনের এক গির্জার সভাকক্ষে। তারপর কলেজের ব্যায়ামাগারে। বিশ্বমেলার পুরোনো ভবনে। এমনকি যে কারখানায় একদিন সামরিক বিমান আর যুদ্ধজাহাজের দিকনির্দেশনার যন্ত্র তৈরি হতো, সেই কারখানাতেও বসেছিল যুদ্ধ থামানোর সভা। সামরিক যন্ত্র তৈরির কারখানা হয়ে উঠেছিল শান্তির আলোচনাকক্ষ। এভাবে বারবার ঠিকানা বদলে অবশেষে নিউইয়র্কের নদীতীরে মাথা তুলে দাঁড়ায় কাঁচের এক অট্টালিকা। আজ যে ভবনের ছবি দেখলেই জাতিসংঘের কথা মনে পড়ে, তার দেয়ালের আড়ালে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত, এক ধনকুবেরের দান, বিশ্বখ্যাত স্থপতিদের চিন্তার সংঘাত আর শান্তির জন্য মানুষের দীর্ঘ সংগ্রামের ইতিহাস।
যুদ্ধের ধ্বংসস্তূপে জাতিসংঘের জন্ম
জাতিসংঘের জন্মের ইতিহাস জানতে ফিরে যেতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে। সময়টা ১৯৪৫ সাল। ইউরোপের বহু শহর তখন ধ্বংসস্তূপ। ঘর হারিয়েছেন অসংখ্য মানুষ। যুদ্ধ, গণহত্যা, অনাহার আর বোমাবর্ষণে বিপর্যস্ত জনপদ। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ মানবসভ্যতাকে দেখিয়ে দিয়েছে ধ্বংসের এক নতুন ভয়াবহতা। পৃথিবীর নেতাদের সামনে তখন একটি উপলব্ধি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। আরেকটি বিশ্বযুদ্ধ ঠেকাতে হলে রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার স্থায়ী ব্যবস্থা প্রয়োজন।
অবশ্য এমন চিন্তা প্রথমবারের মতো সামনে আসেনি। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস। উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি। কিন্তু সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিস্তার ঠেকাতে পারেনি। ফলে যুদ্ধ চলার সময়ই আরও কার্যকর একটি বিশ্বসংস্থা গঠনের উদ্যোগ শুরু হয়। ১৯৪১ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ঘোষণা করেন আটলান্টিক সনদ। পরের বছরের ১ জানুয়ারি ২৬টি মিত্রদেশ একটি ঘোষণায় স্বাক্ষর করে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় ‘ইউনাইটেড নেশনস’ নামটি। এরপর ১৯৪৪ সালের ডাম্বারটন ওকস সম্মেলন এবং ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে নতুন সংস্থার কাঠামো নিয়ে আলোচনা হয়। নির্ধারিত হতে থাকে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং প্রধান শক্তিগুলোর বিশেষ ভূমিকার রূপরেখা।
অবশেষে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে শুরু হয় ঐতিহাসিক সম্মেলন। ২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। পোল্যান্ড ওই সম্মেলনে অংশ নিতে পারেনি। দেশটি পরে ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে। ফলে প্রতিষ্ঠাকালীন সদস্যরাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় ৫১। একই বছরের ২৪ অক্টোবর প্রয়োজনীয় অনুমোদনের পর সনদ কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় জাতিসংঘ। সনদের প্রস্তাবনায় ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে রক্ষার অঙ্গীকার করা হয়। কিন্তু পৃথিবীর জন্য স্থায়ী শান্তির কাঠামো গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির তখনো নিজস্ব কোনো সদর দপ্তর ছিল না। সেই ঠিকানা খোঁজার মধ্য দিয়েই শুরু হয় এক আশ্চর্য যাত্রা।
লন্ডনের গির্জায় প্রথম বিশ্বসভা
জাতিসংঘের প্রথম সাধারণ পরিষদের অধিবেশন বসেছিল নিউ ইয়র্কে নয়, লন্ডনে। ১৯৪৬ সালের ১০ জানুয়ারি। স্থান ব্রিটিশ রাজধানীর ওয়েস্টমিনস্টারে অবস্থিত মেথডিস্ট সেন্ট্রাল হল। কাছেই ব্রিটিশ পার্লামেন্ট ভবন ও ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবে। বিশাল সভাকক্ষে একত্র হন ৫১টি দেশের প্রতিনিধিরা। অথচ ভবনটি জাতিসংঘের জন্য নির্মিত হয়নি। এটি ছিল একটি মেথডিস্ট গির্জা ও জনসমাবেশের কেন্দ্র। ১৯১২ সালে নির্মিত স্থাপনাটিতে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সভা অনুষ্ঠিত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর সেই সভাকক্ষই হয়ে ওঠে নতুন বিশ্বসংস্থার প্রথম সাধারণ অধিবেশনের মঞ্চ।
কেন এই ভবনটি বেছে নেওয়া হয়েছিল, তারও রয়েছে ইতিহাস। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, প্রথমে মধ্যযুগীয় ওয়েস্টমিনস্টার হল ব্যবহারের কথা বিবেচনা করা হয়। কিন্তু জানুয়ারির তীব্র শীতে সেটি উপযুক্ত মনে হয়নি। প্রয়োজন ছিল এমন একটি বড় সভাকক্ষ, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা একসঙ্গে বসতে পারবেন। শেষ পর্যন্ত মেথডিস্ট সেন্ট্রাল হল নির্বাচিত হয়। যুদ্ধবিধ্বস্ত লন্ডনের সীমিত সামর্থ্যের মধ্যেই প্রতিনিধিদের থাকার ব্যবস্থা, যাতায়াত ও অন্যান্য আয়োজন করা হয়েছিল।
সেই প্রথম অধিবেশনে বক্তব্য দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি। তার বক্তব্যে উঠে আসে ন্যায়বিচার, স্বাধীনতা ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার প্রয়োজনীয়তা। এর ঠিক এক সপ্তাহ পর, ১৭ জানুয়ারি, প্রথমবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে সেটি মেথডিস্ট সেন্ট্রাল হলে নয়। কাছের ডিনস ইয়ার্ডে অবস্থিত চার্চ হাউসে। চার্চ অব ইংল্যান্ডের এই ভবনেই জাতিসংঘের প্রস্তুতিমূলক কমিশনের দাপ্তরিক কাজ পরিচালিত হয়েছিল। ব্রিটিশ কূটনীতিক গ্ল্যাডউইন জেবের নেতৃত্বে শুরু হয়েছিল প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম। অর্থাৎ পৃথিবীর নতুন বিশ্বসংস্থাটি শুরু থেকেই একাধিক অস্থায়ী ঠিকানায় কাজ করছিল।
কলেজের ব্যায়ামাগার থেকে বিশ্বমেলার ভবন
লন্ডনের আয়োজন ছিল সাময়িক। জাতিসংঘের স্থায়ী সদর দপ্তর কোথায় হবে, তা নিয়ে তখন আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্র সংস্থাটিকে নিজ দেশে সদর দপ্তর স্থাপনের আমন্ত্রণ জানায়। ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এলাকায় অস্থায়ী সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরপর আটলান্টিক পেরিয়ে শুরু হয় নতুন অধ্যায়। কিন্তু আমেরিকায় পৌঁছেও অপেক্ষা করছিল না কোনো নিজস্ব অট্টালিকা। জাতিসংঘের প্রথম অস্থায়ী আশ্রয়গুলোর একটি হয় নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় হান্টার কলেজের শাখা ক্যাম্পাস। বর্তমানে জায়গাটি লেহম্যান কলেজ নামে পরিচিত।
১৯৪৬ সালের ২৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেখানে নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ব্যায়ামাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষকে আলোচনার উপযোগী করে সাজানো হয়েছিল। যেখানে একসময় চলত পাঠদান ও শরীরচর্চা, সেখানে বসতে শুরু করেন রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা। বিশ্বের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তখন স্থাপত্যের জৌলুস ছিল না। প্রয়োজন ছিল একটি কার্যকর সভাকক্ষ। জাতিসংঘের নিজস্ব সংরক্ষণাগারে সেই অস্থায়ী আয়োজনের ছবি ও বিবরণ রয়েছে।
একই সময়ে সাধারণ পরিষদের অধিবেশনের জন্য প্রয়োজন হয় আরও বড় জায়গার। নিউ ইয়র্কের কুইন্স এলাকায় ফ্লাশিং মেডোজে তখন দাঁড়িয়ে ছিল ১৯৩৯ সালের বিশ্বমেলার একটি ভবন। নাম নিউ ইয়র্ক সিটি বিল্ডিং। বিশ্বমেলা শেষ হওয়ার পর ভবনটির ব্যবহার বদলে যায়। পরে জাতিসংঘের সাধারণ পরিষদের জন্য সেটি সংস্কার করা হয়। ১৯৪৬ সালের ২৩ অক্টোবর সেখানে নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্রথম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। একসময় যে স্থাপনায় বিশ্বের নানা দেশের শিল্প, প্রযুক্তি ও সংস্কৃতির প্রদর্শনী হতো, সেখানে এবার আলোচিত হতে থাকে রাষ্ট্রগুলোর রাজনৈতিক ভবিষ্যৎ। বর্তমানে ঐতিহাসিক ভবনটি কুইন্স মিউজিয়ামের অংশ।
তবে এই সময়ের ইতিহাসকে একটি ঠিকানা ছেড়ে অন্য ঠিকানায় যাওয়ার সরল তালিকা হিসেবে দেখলে ভুল হবে। নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ ও সচিবালয়ের কার্যক্রম তখন একাধিক স্থানে চলেছে। হান্টার কলেজ থেকে লেক সাকসেসে স্থানান্তরের মাঝখানে ম্যানহাটনের হেনরি হাডসন হোটেলেও নিরাপত্তা পরিষদের অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল। রকফেলার সেন্টারের কয়েকটি ভবনেও জাতিসংঘের দপ্তর ছিল। আবার সাধারণ পরিষদের কিছু অধিবেশন অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে। স্থায়ী ঠিকানা পাওয়ার আগের কয়েক বছর তাই ছিল জাতিসংঘের ছড়িয়ে থাকা দপ্তর, অস্থায়ী সভাকক্ষ আর নিরন্তর স্থানান্তরের সময়।
পাড়াগাঁয়ের সামরিক কারখানায় শান্তির দপ্তর
জাতিসংঘের অস্থায়ী সদর দপ্তরের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর অধ্যায় সম্ভবত লেক সাকসেস। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নাসাউ কাউন্টির অন্তর্গত একটি ছোট এলাকা। প্রশাসনিকভাবে এটি নিবন্ধিত গ্রাম। তবে বাংলাদেশের প্রচলিত পাড়াগাঁয়ের সঙ্গে এর মিল নেই। লেক সাকসেস নিউ ইয়র্ক নগরীর কাছের একটি আধুনিক শহরতলী। সেখানেই ছিল স্পেরি জাইরোস্কোপ কোম্পানির বিশাল কারখানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠানটি সামরিক কাজে ব্যবহৃত দিকনির্ণয় ও নিয়ন্ত্রণযন্ত্র তৈরি করত। জাইরোস্কোপ এমন এক ধরনের যন্ত্র, যা ঘূর্ণনের নীতি কাজে লাগিয়ে কোনো বস্তুর দিক ও অবস্থান নির্ণয়ে সাহায্য করে। বিমান, জাহাজ এবং বিভিন্ন সামরিক যন্ত্রের পরিচালনায় এর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে।
যুদ্ধ শেষে কারখানাটির একটি অংশ জাতিসংঘের কাজে ব্যবহারের উপযোগী করা হয়। ১৯৪৬ সালের আগস্ট থেকে সেখানে সচিবালয়ের কর্মীরা নতুন কার্যালয়ে কাজ শুরু করেন। এরপর কয়েক বছর লেক সাকসেস জাতিসংঘের প্রধান অস্থায়ী দাপ্তরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সেখানে নিরাপত্তা পরিষদের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। যে কারখানায় একদিন সামরিক যন্ত্রপাতি তৈরির ব্যস্ততা ছিল, সেখানে এবার বসানো হয় প্রতিনিধিদের চেয়ার। তৈরি হয় সম্মেলনকক্ষ, দপ্তর, খাবারের ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। যুদ্ধের কাজে ব্যবহৃত শিল্পপ্রতিষ্ঠানের ভবনেই শুরু হয় যুদ্ধ প্রতিরোধের আন্তর্জাতিক আলোচনা। ইতিহাসের এমন বৈপরীত্য খুব কম স্থাপনার ভাগ্যে জোটে।
কারখানাটি ছিল লেক সাকসেসের মার্কাস অ্যাভিনিউ এলাকায়। জাতিসংঘের ২০২৫ সালে প্রকাশিত স্থাপত্যবিষয়ক ঐতিহাসিক প্রদর্শনীতেও এই অস্থায়ী সদর দপ্তরের কথা উল্লেখ রয়েছে। লেক সাকসেসে কাজ করার সময়ই জাতিসংঘের প্রশাসনিক কাঠামো শক্তিশালী হতে থাকে। মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনাও এগিয়ে যায়। তবে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল প্যারিসে, লেক সাকসেসে নয়। এই পার্থক্যটি জাতিসংঘের ইতিহাসে গুরুত্বপূর্ণ। পৃথিবীর জন্য মানবাধিকারের একটি অভিন্ন ঘোষণাপত্র তৈরি হচ্ছিল, অথচ সেই বিশ্বসংস্থার নিজের স্থায়ী ভবন তখনো নির্মিত হয়নি।
নিউ ইয়র্কে স্থায়ী ঠিকানা বেছে নেওয়ার গল্প
জাতিসংঘের স্থায়ী সদর দপ্তর কোথায় হবে, তা নিয়ে শুরু থেকেই নানা মত ছিল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া, বোস্টন, সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন এলাকার নাম আলোচনায় আসে। কেউ চেয়েছিলেন বড় শহরের সুবিধা। কেউ গুরুত্ব দিয়েছিলেন নিরিবিলি পরিবেশকে। নিউ ইয়র্কের বাইরে অপেক্ষাকৃত বিস্তৃত জায়গায় সদর দপ্তর নির্মাণের সম্ভাবনাও পরীক্ষা করা হয়েছিল। কিন্তু ১৯৪৬ সালের শেষ দিকে এক প্রস্তাব পুরো হিসাব বদলে দেয়। মার্কিন ধনকুবের জন ডি রকফেলার জুনিয়র ম্যানহাটনের ইস্ট রিভারের তীরে জমি কেনার জন্য ৮৫ লাখ মার্কিন ডলার অনুদানের প্রস্তাব দেন। ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাবটি গ্রহণ করে। নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষও জমি সংগ্রহে সহযোগিতা করে।
আজকের ঝকঝকে সদর দপ্তরের জায়গাটি তখন এমন ছিল না। জাতিসংঘের ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, সেখানে ছিল কসাইখানা, গুদাম, ছোট শিল্পপ্রতিষ্ঠান এবং নদীপথে মালামাল ওঠানামার স্থাপনা। প্রায় ১৮ একর জমির পশ্চিমে ফার্স্ট অ্যাভিনিউ, পূর্বে ইস্ট রিভার। দক্ষিণে ৪২তম সড়ক, উত্তরে ৪৮তম সড়ক। জায়গাটির ভৌগোলিক অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। ম্যানহাটনের কেন্দ্রের কাছে থেকেও নদীতীরের উন্মুক্ত পরিবেশ পাওয়া যাচ্ছিল। যাতায়াতের সুবিধাও ছিল। এ ছাড়া জায়গাটিকে আন্তর্জাতিক সংস্থার জন্য স্বতন্ত্র প্রাঙ্গণ হিসেবে গড়ে তোলার সুযোগ ছিল।
এভাবেই নিউ ইয়র্কের জনবহুল নগরীর একটি শিল্পাঞ্চল বদলে যেতে থাকে কূটনৈতিক কেন্দ্রের পরিকল্পনায়। যে জায়গায় আগে পণ্য পরিবহনের ব্যস্ততা ছিল, সেখানে একদিন আসবেন রাষ্ট্রপ্রধানরা। যেখানে শিল্পকারখানার কর্মীরা কাজ করতেন, সেখানে বসবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রকফেলারের অনুদান শুধু জমি কেনার অর্থ ছিল না। জাতিসংঘের স্থায়ী ঠিকানা নির্বাচনের ইতিহাসে সেটি হয়ে ওঠে নির্ধারক ঘটনা।
১০ দেশের স্থপতির হাতে কাচের প্রাসাদের নকশা
জমি পাওয়া গেল। এবার প্রয়োজন এমন একটি ভবন, যা কেবল দাপ্তরিক কাজের উপযোগী হবে না, নতুন আন্তর্জাতিক ব্যবস্থার পরিচয়ও বহন করবে। সিদ্ধান্ত হয়, একটি দেশের একক স্থপতির পরিবর্তে বিভিন্ন দেশের খ্যাতিমান স্থপতিদের সমন্বয়ে পরিকল্পনা তৈরি করা হবে। ১৯৪৭ সালে গঠন করা হয় আন্তর্জাতিক নকশা পর্ষদ। এর নেতৃত্বে ছিলেন মার্কিন স্থপতি ওয়ালেস কে. হ্যারিসন। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের স্থপতি পরামর্শকেরা। তাদের মধ্যে বিশেষভাবে পরিচিত সুইস-ফরাসি স্থপতি লে কর্বুসিয়ে এবং ব্রাজিলের অস্কার নিমায়ার। এ ছাড়া সোভিয়েত ইউনিয়ন, চীন, কানাডা, বেলজিয়াম, সুইডেন, যুক্তরাজ্য ও উরুগুয়ের স্থপতিরাও যুক্ত ছিলেন।
নকশা তৈরির কাজটি সহজ ছিল না। বিভিন্ন স্থপতির স্থাপত্যচিন্তায় পার্থক্য ছিল। লে কর্বুসিয়ে আধুনিক স্থাপত্যের সরল জ্যামিতিক রূপ ও কার্যকারিতাকে গুরুত্ব দিতেন। নিমায়ারের পরিকল্পনায় ছিল ভবনের অবস্থান, খোলা জায়গা এবং স্থাপনাগুলোর মধ্যে ভারসাম্য। তাদের প্রস্তাবিত ২৩ ও ৩২ নম্বর পরিকল্পনা বিশেষভাবে আলোচিত হয়। শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনা, সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত নকশা তৈরি হয়। জাতিসংঘের নিজস্ব স্থাপত্য প্রদর্শনীতে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘শান্তির কর্মশালা’। নামটি যথার্থ। কারণ, শুধু একটি ভবন নয়, পরস্পরের সহযোগিতায় কাজ করার ধারণাটিও যেন স্থাপত্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল।
চূড়ান্ত নকশায় প্রাধান্য পায় আধুনিকতাবাদী আন্তর্জাতিক স্থাপত্যরীতি। প্রাচীন প্রাসাদের মতো অলংকৃত স্তম্ভ বা জটিল কারুকাজের পরিবর্তে গুরুত্ব দেওয়া হয় সরলরেখা, কাচ, ইস্পাত, মার্বেল এবং খোলা জায়গাকে। মূল কমপ্লেক্সে পরিকল্পিত হয় তিনটি প্রধান স্থাপনা। একটি উঁচু আয়তাকার সচিবালয় ভবন। একটি নিচু, বাঁকানো ছাদের সাধারণ পরিষদ ভবন। আর নদীর সমান্তরালে বিস্তৃত দীর্ঘ সম্মেলন ভবন। তিনটি আলাদা আকৃতির সমন্বয়েই তৈরি হয় জাতিসংঘ সদর দপ্তরের পরিচিত অবয়ব। ভবনগুলো যেন আলাদা দায়িত্ব পালন করেও একই বিশ্বসংস্থার অংশ হয়ে থাকে।
রকফেলারের দান থেকে ৩৯ তলার উত্থান
১৯৪৭ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ স্থায়ী সদর দপ্তরের ৬ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ পরিকল্পনা অনুমোদন করে। প্রাথমিক পর্যায়ে এর চেয়ে বেশি ব্যয়ের হিসাব করা হয়েছিল। পরে নকশায় পরিবর্তন এনে খরচ কমানো হয়। মূল সচিবালয় ভবনের প্রাথমিক পরিকল্পনায় ৪৫ তলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ৩৯ তলায় নামিয়ে আনা হয়। অর্থাৎ আজকের পরিচিত ভবনটি নির্মাণের পর তলা বাড়িয়ে ৩৯ তলা করা হয়নি। সংশোধিত নকশা অনুযায়ী সেই উচ্চতার ভবন নির্মাণ করা হয়েছিল। নির্মাণের অর্থ জোগাতে যুক্তরাষ্ট্র সরকার ৬ কোটি ৫০ লাখ ডলারের সুদমুক্ত ঋণ দেয়। জমি কেনার জন্য রকফেলারের ৮৫ লাখ ডলারের অনুদান ছিল এর বাইরে।
১৯৪৯ সালের জানুয়ারিতে নির্মাণের প্রধান ঠিকাদারি চুক্তি দেওয়া হয়। একই বছরের ২৪ অক্টোবর, জাতিসংঘের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থায়ী সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রথম মহাসচিব ট্রিগভে লি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। ভিত্তিপ্রস্তরের ভেতরে রাখা হয় জাতিসংঘ সনদ ও সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের অনুলিপিসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি। এগুলো যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন বিশ্বসংস্থার জন্মলগ্নের অঙ্গীকার পৌঁছে দেওয়ার আয়োজন। আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই জমি প্রস্তুতি ও নির্মাণসংক্রান্ত কাজ শুরু হয়েছিল। ফলে নির্মাণ শুরু এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ এক নয়।
এরপর দ্রুত এগিয়ে চলে নির্মাণ। ১৯৫০ সালের ২১ আগস্ট প্রথম পর্যায়ের কর্মীরা নতুন সচিবালয় ভবনে কাজ শুরু করেন। তখনো পুরো সদর দপ্তরের সব অংশ নির্মিত হয়নি। ১৯৫১ সালেও সচিবালয়ে কর্মীদের স্থানান্তর চলতে থাকে। সাধারণ পরিষদ ও সম্মেলন ভবনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হয়। ১৯৫২ সালের ১৪ অক্টোবর নতুন সাধারণ পরিষদ কক্ষে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এভাবেই স্থায়ী সদর দপ্তরের মূল নির্মাণপর্ব সম্পূর্ণ হয়। পরে সংস্থার প্রয়োজন বাড়ার সঙ্গে সঙ্গে নতুন স্থাপনা যুক্ত হয়েছে। তাই ১৯৫২ সালে যে ভবনসমষ্টির উদ্বোধন হয়েছিল, বর্তমান সদর দপ্তর তার চেয়ে বিস্তৃত।
নীল না সবুজ, কী রঙের জাতিসংঘ ভবন
নিউ ইয়র্কের ইস্ট রিভারের তীরে দাঁড়িয়ে থাকা জাতিসংঘ সচিবালয় ভবনটির দিকে তাকালে সবচেয়ে বেশি চোখে পড়ে তার কাচের দেয়াল। কখনো নীলচে, কখনো সবুজাভ। দিনের আলো বদলালে ভবনটির রঙের আভাও বদলে যায়। মূলত পূর্ব ও পশ্চিম দিকের দেয়ালে ব্যবহার করা হয়েছে নীলাভ-সবুজ কাচ। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিকের জানালাবিহীন দেয়াল আবৃত সাদা মার্বেলে। এই মার্বেল আনা হয়েছিল যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্য থেকে। কাচ, অ্যালুমিনিয়াম ও মার্বেলের সমন্বয় ভবনটিকে দিয়েছে তার অনন্য পরিচয়।
কিন্তু কেন এই বিশেষ রঙের কাচ বেছে নেওয়া হয়েছিল, তার পেছনে রয়েছে স্থাপত্য ও প্রকৌশলের ইতিহাস। জাতিসংঘের নিজস্ব স্থাপত্য প্রদর্শনীর তথ্য অনুযায়ী, স্থপতি ওয়ালেস হ্যারিসন তাপ নিরোধক বিশেষ কাচ ব্যবহারের পক্ষে ছিলেন। অন্যদিকে লে কর্বুসিয়ে সূর্যের তাপ নিয়ন্ত্রণের জন্য কংক্রিট বা পাথরের আড়াল ব্যবহারের ধারণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত কাচের দেয়ালের নকশাই প্রাধান্য পায়। এতে দিনের আলো প্রবেশের সুবিধা তৈরি হয়। পাশাপাশি ভবনটি পায় স্বচ্ছ ও আধুনিক এক চেহারা। অবশ্য পরবর্তী দশকগুলোয় তাপ নিয়ন্ত্রণ ও শীতাতপ ব্যবস্থার সীমাবদ্ধতাও সামনে আসে। আধুনিক সংস্কারে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হয়েছে।
জাতিসংঘের নিজস্ব স্থাপত্যবিষয়ক বিবরণে বলা হয়েছে, কাচের উন্মুক্ত দেয়াল সংস্থাটির স্বচ্ছতা ও নতুন আন্তর্জাতিক সহযোগিতার ধারণাও প্রকাশ করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। জাতিসংঘের পতাকার হালকা নীল রং এবং ভবনের নীলাভ-সবুজ কাচের রং একই বিষয় নয়। ১৯৪৭ সালের ২০ অক্টোবর অনুমোদিত জাতিসংঘের পতাকায় হালকা নীল পটভূমির ওপর সাদা প্রতীক রয়েছে। এই নীলকে শান্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। অন্যদিকে ভবনের কাচ নির্বাচনে স্থাপত্য, তাপ নিয়ন্ত্রণ, আলো এবং দৃশ্যগত সৌন্দর্য ছিল গুরুত্বপূর্ণ বিবেচনা। আকাশের আলো ও নদীর প্রতিবিম্বে কাচের রং বদলানোর দৃশ্য সেই পরিকল্পনাকে আজও আকর্ষণীয় করে রেখেছে।
৩৯ তলার ওপরে আকাশ, নিচে আরও তিন স্তর
জাতিসংঘ সদর দপ্তরের সবচেয়ে পরিচিত স্থাপনা ৩৯ তলাবিশিষ্ট সচিবালয় ভবন। কিন্তু এই ৩৯ তলাই এর সম্পূর্ণ কাঠামো নয়। মাটির নিচেও রয়েছে তিনটি ভূগর্ভস্থ স্তর। জাতিসংঘের সরকারি সদর দপ্তরবিষয়ক তথ্যপত্রে এই তিনটি স্তরের উল্লেখ রয়েছে। এগুলো পাশের সম্মেলন ভবনের ভূগর্ভস্থ অংশের সঙ্গেও সংযুক্ত। ফলে রাস্তা থেকে দেখা উঁচু কাচের অট্টালিকার নিচে রয়েছে আরও একটি বিস্তৃত কার্যকর অবকাঠামো। সেখানে রয়েছে রক্ষণাবেক্ষণের কর্মশালা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা দপ্তর, মালামাল গ্রহণ ও পরিবহনের স্থান, সরঞ্জাম সংরক্ষণের ব্যবস্থা এবং গাড়ি রাখার জায়গা। শীতাতপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যান্ত্রিক ব্যবস্থাও রয়েছে নিচের অংশে।
মাটির ওপরের তলাগুলোর প্রধান ব্যবহার দাপ্তরিক কাজ। বিভিন্ন বিভাগ, কর্মকর্তা ও কর্মীদের কার্যালয় রয়েছে সেখানে। তবে সব তলার কাজ একই নয়। জাতিসংঘের ২০২৫ সালের প্রতিনিধিদের নির্দেশিকা অনুযায়ী, সচিবালয় ভবনের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনের ব্যবস্থা রয়েছে। আর আটত্রিশতম তলা বিশেষভাবে পরিচিত মহাসচিবের নির্বাহী দপ্তরের জন্য। এখানেই রয়েছে তাঁর কার্যালয় এবং গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা। কূটনৈতিক পরিসরে ‘আটত্রিশতম তলা’ বলতে অনেক সময় মহাসচিবের দপ্তরকেই বোঝানো হয়।
তবে ৩৯টি তলা ৩৯টি দেশ কিংবা জাতিসংঘের ৩৯টি বিশেষ নীতির প্রতিনিধিত্ব করে না। প্রতিটি তলার আলাদা কোনো প্রতীকী রাষ্ট্রীয় পরিচয়ও নেই। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিভাগের কক্ষ ও দাপ্তরিক কার্যক্রমের অবস্থান পরিবর্তিত হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, একদিকে ওপরে রয়েছে প্রশাসনিক কাজের স্থান, অন্যদিকে নিচে রয়েছে সেই কাজ সচল রাখার জটিল ব্যবস্থা। পৃথিবীর বহু রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবন তাই কেবল দৃশ্যমান সভাকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়।
নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ কোন তলায়
জাতিসংঘের ৩৯ তলা সচিবালয় ভবনটি দেখেই অনেকে মনে করেন, সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সব গুরুত্বপূর্ণ অধিবেশন সেখানেই অনুষ্ঠিত হয়। বাস্তবে তা নয়। সাধারণ পরিষদের জন্য রয়েছে আলাদা ভবন। এর স্থাপত্য সচিবালয়ের উঁচু আয়তাকার কাঠামো থেকে সম্পূর্ণ ভিন্ন। নিচু ও বাঁকানো ছাদের ভবনটির ভেতরে রয়েছে বিশাল সাধারণ পরিষদ কক্ষ। এর মূল অধিবেশনস্থল দ্বিতীয় তলায়। তবে কক্ষটির উচ্চতা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলাজুড়ে বিস্তৃত। ওপরের স্তরে রয়েছে দর্শনার্থী ও সংবাদকর্মীদের গ্যালারি। সামনের দিকে সভাপতি ও বক্তাদের জন্য নির্ধারিত মঞ্চ। প্রতিনিধিরা সারিবদ্ধভাবে বসে আলোচনা ও ভোটাভুটিতে অংশ নেন। জাতিসংঘের প্রত্যেক সদস্যরাষ্ট্রের সাধারণ পরিষদে একটি করে ভোট রয়েছে।
নিরাপত্তা পরিষদের কক্ষটি রয়েছে দীর্ঘ সম্মেলন ভবনে। জাতিসংঘের ২০২৫ সালের প্রতিনিধিদের নির্দেশিকা অনুযায়ী, সম্মেলন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার স্তরে রয়েছে নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অছি পরিষদের গুরুত্বপূর্ণ কক্ষগুলো। নিরাপত্তা পরিষদের মূল আলোচনাকক্ষ দ্বিতীয় তলার অংশে। দর্শনার্থীদের গ্যালারি ওপরের স্তর থেকে ব্যবহার করা যায়। কক্ষটির আসবাব ও নকশায় রয়েছে নরওয়ের অবদান। নরওয়ের স্থপতি আর্নস্টেইন আর্নেবার্গের পরিকল্পনায় সাজানো এই কক্ষে রয়েছে ঘোড়ার খুরের আকৃতির আলোচনার টেবিল। দেয়ালে স্থান পেয়েছে শিল্পী পের ক্রোগের চিত্রকর্ম। নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা ১৫। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি নির্বাচিত অস্থায়ী সদস্য।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কক্ষের সঙ্গে সুইডেনের স্থাপত্য অবদান যুক্ত। অছি পরিষদের কক্ষটি ডেনমার্কের উপহার। এভাবেই সদর দপ্তরের বিভিন্ন অংশের নির্মাণ ও সজ্জায় রয়েছে নানা দেশের অংশগ্রহণ। একই কমপ্লেক্সের মধ্যে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অন্যান্য পরিষদ এবং দাপ্তরিক কার্যক্রম আলাদা জায়গায় পরিচালিত হয়। এখানে আরও একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। পুরো সদর দপ্তরকে কেবল চারটি ভবনের সমষ্টি বলা অসম্পূর্ণ। ২০২৫ সালের প্রতিনিধিদের নির্দেশিকায় পাঁচটি আন্তঃসংযুক্ত প্রধান স্থাপনার উল্লেখ রয়েছে। সেগুলো হলো সাধারণ পরিষদ ভবন, সচিবালয় ভবন, সম্মেলন ভবন, গ্রন্থাগার ভবন এবং দক্ষিণ সংযোজন ভবন। অন্যদিকে জাতিসংঘের স্থাপত্যবিষয়ক বিস্তৃত তালিকায় গাড়ি রাখার ভবন ও উত্তর প্রাঙ্গণের স্থাপনাসহ সাতটি ভবনের উল্লেখ পাওয়া যায়।
মাটির নিচেও বিশ্বকূটনীতির ব্যস্ততা
জাতিসংঘের প্রধান সভাকক্ষগুলো মাটির ওপরে হলেও ভূগর্ভস্থ অংশেও রয়েছে গুরুত্বপূর্ণ কার্যক্রম। সম্মেলন ভবনের প্রথম ভূগর্ভস্থ স্তরে একাধিক সম্মেলনকক্ষ রয়েছে। ২০২৫ সালের প্রতিনিধিদের নির্দেশিকায় সেখানে বিভিন্ন নম্বর ও অক্ষর দিয়ে চিহ্নিত কক্ষের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ মাটির নিচের স্তরগুলো শুধু গাড়ি রাখার জায়গা বা যন্ত্রপাতির কক্ষ নয়। সেখানে প্রতিনিধিদের বৈঠক ও দাপ্তরিক কাজের জন্যও নির্ধারিত স্থান রয়েছে। নিরাপত্তাব্যবস্থা, মালামাল পরিবহন, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণের মতো কাজও এই অবকাঠামোর ওপর নির্ভরশীল।
পুরো সদর দপ্তরের কর্মকাণ্ডের ব্যাপ্তি বোঝার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রতিদিন সেখানে সভা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। প্রস্তুত হয় নথি। চলে অনুবাদ ও সরাসরি সম্প্রচার। জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ। প্রতিনিধিরা নিজেদের ভাষায় বক্তব্য দিতে পারেন। অনুবাদকেরা তা অন্য ভাষাভাষী প্রতিনিধিদের কাছে পৌঁছে দেন। ফলে একেকটি সভাকক্ষের পেছনে কাজ করে অসংখ্য মানুষের সমন্বিত প্রচেষ্টা। যে কাচের প্রাসাদ বাইরে থেকে দেখতে নীরব ও স্থির, তার ভেতরে প্রতিদিন চলে আন্তর্জাতিক রাজনীতির ব্যস্ততম কর্মকাণ্ড।
যে সভাকক্ষে প্রথম উঠেছিল বাংলার কণ্ঠ
জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে বাংলাদেশেরও রয়েছে গভীর ঐতিহাসিক সম্পর্ক। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতার পর আন্তর্জাতিক অঙ্গনে এটি ছিল দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। একই বছরের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। সেই ভাষণ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের স্থায়ী সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে। ফলে যে সভাকক্ষের ইতিহাসের সঙ্গে বিশ্বরাজনীতির বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জড়িয়ে রয়েছে, সেখানে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় ও ভাষাও এক বিশেষ স্থান পায়।
জাতিসংঘের সদস্যসংখ্যা বৃদ্ধির ইতিহাসও পৃথিবীর রাজনৈতিক পরিবর্তনের দলিল। ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি। পরবর্তী সময়ে এশিয়া ও আফ্রিকার বহু দেশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। নতুন রাষ্ট্রের জন্ম, স্নায়ুযুদ্ধের অবসান এবং সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়ার ভাঙনের পর সদস্যসংখ্যা আরও বাড়ে। ২০১১ সালের ১৪ জুলাই দক্ষিণ সুদান ১৯৩তম সদস্যরাষ্ট্র হিসেবে জাতিসংঘে যোগ দেয়। ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত সংস্থাটির পূর্ণ সদস্যসংখ্যা ১৯৩। এর বাইরে হলি সি ও ফিলিস্তিন রাষ্ট্রের রয়েছে অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা। নিউইয়র্কের সদর দপ্তরের সামনে সদস্যরাষ্ট্রগুলোর পতাকা সেই পরিবর্তিত বিশ্বমানচিত্রের পরিচয় বহন করে।
হ্যামারশোল্ডের স্মৃতিতে গ্রন্থাগার
জাতিসংঘ সদর দপ্তরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা দ্যাগ হ্যামারশোল্ড গ্রন্থাগার। এটি সংস্থার দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ডের নামে নামকরণ করা হয়েছে। ১৯৬১ সালের সেপ্টেম্বরে আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালনকালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই বছরের ১৬ নভেম্বর নতুন গ্রন্থাগার ভবনটি তার স্মৃতিতে উৎসর্গ করা হয়। ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নির্মিত ভবনটি জাতিসংঘের গবেষণা ও নথি সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। এখানে আন্তর্জাতিক আইন, কূটনীতি, অর্থনীতি, ইতিহাস এবং সংস্থার নিজস্ব কর্মকাণ্ডের বিপুল নথি সংরক্ষিত রয়েছে।
গ্রন্থাগার ভবনটির সঙ্গে সচিবালয়ের স্থাপত্যগত সংযোগ রয়েছে। সাদা মার্বেল, কাচ ও অ্যালুমিনিয়ামের ব্যবহার এটিকেও সদর দপ্তরের মূল স্থাপত্যরীতির অংশ করে তুলেছে। তবে এর গুরুত্ব কেবল নির্মাণশৈলীতে নয়। জাতিসংঘে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, সেসবের ইতিহাস সংরক্ষণ করাও এই প্রতিষ্ঠানের একটি বড় দায়িত্ব। সভাকক্ষের বক্তব্য একদিন শেষ হয়ে যায়। কিন্তু সেই বক্তব্যের নথি ভবিষ্যৎ গবেষক, ইতিহাসবিদ ও কূটনীতিকদের জন্য থেকে যায়। যুদ্ধের সিদ্ধান্ত, শান্তির উদ্যোগ, মানবাধিকার ঘোষণা কিংবা কোনো দেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস তাই এই গ্রন্থাগারের সংগ্রহেও জায়গা পায়।
প্রাঙ্গণজুড়ে শান্তির শিল্পকর্ম
জাতিসংঘের সদর দপ্তরের পরিচয় শুধু কাচের দেয়াল, সাদা মার্বেল কিংবা সম্মেলনকক্ষেই সীমাবদ্ধ নয়। এর খোলা প্রাঙ্গণেও রয়েছে নানা দেশের উপহার দেওয়া শিল্পকর্ম। সবচেয়ে পরিচিত ভাস্কর্যগুলোর একটি ‘তরবারি ভেঙে লাঙল গড়ি’। একজন মানুষ হাতুড়ি দিয়ে তরবারিকে কৃষিকাজের লাঙলের ফলায় রূপ দিচ্ছেন। ১৯৫৯ সালে সোভিয়েত ইউনিয়ন ভাস্কর্যটি জাতিসংঘকে উপহার দেয়। এর শিল্পী ইয়েভগেনি ভুচেতিচ। অস্ত্রের পরিবর্তে উৎপাদন ও শান্তিপূর্ণ জীবনের পথ বেছে নেওয়ার ধারণা প্রকাশ করে শিল্পকর্মটি।
আরেকটি পরিচিত ভাস্কর্য ‘অহিংসা’, যা গিঁট দেওয়া বন্দুক নামেও পরিচিত। একটি রিভলভারের নল গিঁট দিয়ে বাঁধা। ফলে সেটি আর গুলি ছুড়তে পারবে না। সুইডিশ শিল্পী কার্ল ফ্রেদরিক রয়টার্সভার্ডের তৈরি ভাস্কর্যটি লুক্সেমবার্গ জাতিসংঘকে উপহার দেয়। পাশাপাশি প্রাঙ্গণে রয়েছে জাপানের উপহার দেওয়া শান্তির ঘণ্টা এবং বিভিন্ন দেশের আরও শিল্পকর্ম। এসব স্থাপনা যেন নীরবে মনে করিয়ে দেয়, যুদ্ধের বিরুদ্ধে মানুষের আকাঙ্ক্ষা শুধু বক্তৃতায় নয়, শিল্পের ভাষাতেও প্রকাশ পেয়েছে। যে ভবনে শান্তি নিয়ে আলোচনা হয়, তার বাইরেও মানুষের সেই প্রত্যাশা দৃশ্যমান হয়ে আছে।
আমেরিকার মাটিতে, তবু বিশেষ মর্যাদা
নিউ ইয়র্কে অবস্থিত হলেও জাতিসংঘ সদর দপ্তরের রয়েছে বিশেষ আন্তর্জাতিক আইনি মর্যাদা। ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে সদর দপ্তরসংক্রান্ত চুক্তি হয়। এর আওতায় জাতিসংঘের প্রাঙ্গণ বিশেষ সুরক্ষা ও সুযোগ-সুবিধা পায়। আন্তর্জাতিক সংস্থাটি নিজস্ব কাজ পরিচালনা এবং নিরাপত্তাব্যবস্থাপনায় নির্দিষ্ট অধিকার ভোগ করে। তবে এটিকে যুক্তরাষ্ট্রের ভেতরে সম্পূর্ণ স্বাধীন আরেকটি রাষ্ট্র মনে করা সঠিক নয়। প্রাঙ্গণটির বিশেষ আন্তর্জাতিক মর্যাদা রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে সেখানে সব মার্কিন আইন সম্পূর্ণ অকার্যকর। জাতিসংঘের স্বাধীনভাবে কাজ করার প্রয়োজন এবং স্বাগতিক দেশের আইনি কাঠামোর মধ্যে সম্পর্ক নির্ধারণ করে ওই চুক্তি।
নিউ ইয়র্ক ছাড়াও জাতিসংঘের বড় দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রিয়ার ভিয়েনা ও কেনিয়ার নাইরোবিতে। এসব শহরে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। তবু জাতিসংঘের প্রধান স্থায়ী সদর দপ্তর নিউ ইয়র্কেই। লন্ডনের প্রথম অস্থায়ী সভাকক্ষ থেকে যে যাত্রার শুরু হয়েছিল, তার আন্তর্জাতিক প্রশাসনিক কেন্দ্র হিসেবে আজও পরিচিত ম্যানহাটনের এই প্রাঙ্গণ।
পুরোনো কাচ বদলেছে, বদলায়নি চেহারা
সময়ের সঙ্গে পুরোনো হয়ে পড়েছিল সদর দপ্তরের বিভিন্ন অংশ। পঞ্চাশের দশকের নির্মাণপ্রযুক্তি একবিংশ শতাব্দীর নিরাপত্তা, জ্বালানি সাশ্রয় এবং আধুনিক দাপ্তরিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট ছিল না। পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, ক্ষতিকর নির্মাণসামগ্রী এবং ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে সমস্যা দেখা দেয়। এই প্রেক্ষাপটে ২০০৮ সালে শুরু হয় বড় ধরনের সংস্কার। জাতিসংঘের মূলধনি সংস্কার পরিকল্পনার আওতায় সচিবালয়ের কাচের দেয়ালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো আধুনিক করা হয়। উন্নয়ন করা হয় নিরাপত্তাব্যবস্থা, বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণ এবং জ্বালানি দক্ষতার।
সংস্কারের সময় পুরোনো ভবনের পরিচিত চেহারা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়। নতুন কাচ নির্বাচনের ক্ষেত্রে মূল নীলাভ-সবুজ আভা বজায় রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত চাহিদার ওপর গুরুত্ব দেওয়া হয়। ২০১৪ সালের শেষ দিকে প্রধান সংস্কারকাজ সম্পন্ন হয়। জাতিসংঘের ২০১৮ সালের সরকারি হিসাবে মূল সংস্কার প্রকল্পের অনুমিত ব্যয় ছিল প্রায় ২১৫ কোটি মার্কিন ডলার। তবে ২০১৫ সালের অভ্যন্তরীণ নিরীক্ষায় আনুষঙ্গিক ব্যয়সহ প্রকল্পের তখনকার মোট প্রত্যাশিত ব্যয় প্রায় ২৩০ কোটি ৫০ লাখ ডলার দেখানো হয়েছিল। বিপুল অর্থ ব্যয়ে পুরোনো ভবন আধুনিক প্রযুক্তি পেলেও তার ঐতিহাসিক স্থাপত্যরূপ ধরে রাখার চেষ্টা করা হয়েছে।
কাচের প্রাসাদে পৃথিবীর অসমাপ্ত স্বপ্ন
লন্ডনের গির্জার সভাকক্ষে প্রথম অধিবেশন। তারপর কলেজের ব্যায়ামাগার। বিশ্বমেলার প্রদর্শনী ভবন। সামরিক যন্ত্র তৈরির কারখানা। অবশেষে নিউ ইয়র্কের নদীতীরে স্থায়ী ঠিকানা। জাতিসংঘ সদর দপ্তরের এই দীর্ঘ যাত্রা কেবল একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অফিস বদলের ইতিহাস নয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর রাজনৈতিক পুনর্গঠনেরও এক গুরুত্বপূর্ণ দলিল। যে সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি রাষ্ট্র, সেখানে এখন ১৯৩টি দেশের প্রতিনিধিরা বসেন। কাচের দেয়ালের ভেতরে আলোচিত হয় যুদ্ধ, শান্তি, মানবাধিকার, দারিদ্র্য, জলবায়ু এবং পৃথিবীর ভবিষ্যৎ।
তবে শান্তির জন্য নির্মিত এই অট্টালিকা পৃথিবীর সব যুদ্ধ থামাতে পারেনি। নিরাপত্তা পরিষদে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। বড় শক্তিগুলোর বিরোধে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে যায়। বহু আন্তর্জাতিক সংকটে বিশ্ববাসীর প্রত্যাশা পূরণ হয় না। এখানেই ভবনটির সৌন্দর্যের সঙ্গে বাস্তবতার গভীর ব্যবধান। যে কাচ স্বচ্ছতার প্রতীক হয়ে উঠেছে, তার ভেতরে নেওয়া প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত সব সময় সর্বসম্মত নয়। যে পতাকাগুলো পাশাপাশি ওড়ে, তাদের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রগুলোর মধ্যে সব সময় সম্প্রীতি থাকে না। তবু ভবনটি দাঁড়িয়ে আছে। কারণ, যুদ্ধের মাঝেও আলোচনার একটি জায়গা প্রয়োজন। বিরোধের মাঝেও কথা বলার একটি দরজা খোলা রাখা জরুরি।
ইস্ট রিভারের জলে প্রতিদিন আলো বদলায়। সেই আলোয় কাচের প্রাসাদটিও কখনো নীলচে, কখনো সবুজাভ হয়ে ওঠে। কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষাটি বদলায় না। মানুষ একদিন যুদ্ধের পরিবর্তে আলোচনাকে বেছে নেবে। একদিন অস্ত্রের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে শান্তির অঙ্গীকার। লন্ডনের অস্থায়ী হলরুম থেকে লেক সাকসেসের সামরিক যন্ত্রকারখানা পেরিয়ে যে অট্টালিকার জন্ম, তার সবচেয়ে বড় পরিচয় তাই ইস্পাত, মার্বেল কিংবা ৩৯ তলার উচ্চতা নয়। তার সবচেয়ে বড় পরিচয়, ধ্বংসের ইতিহাস বুকে নিয়েও মানুষ শান্তির জন্য একটি ঘর বানাতে চেয়েছিল।
সেই ঘর আজও দাঁড়িয়ে আছে। বাইরে সারি সারি পতাকা। সামনে শান্তির ভাস্কর্য। দেয়ালে আকাশের প্রতিবিম্ব। অথচ সেই আকাশের নিচেই কোথাও যুদ্ধ চলছে। কোথাও মানুষ ঘর হারাচ্ছে। কোথাও শিশুরা শান্তির অপেক্ষায় দিন গুনছে। জাতিসংঘের জন্ম হয়েছিল সেই মানুষগুলোর ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার নিয়ে। আট দশক পরও অঙ্গীকারটি সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। তবু তার প্রয়োজন ফুরিয়ে যায়নি।
একদিন যে পৃথিবীর আকাশে যুদ্ধবিমানের গর্জন শুনে মানুষ শান্তির স্বপ্ন দেখেছিল, সেই পৃথিবী আজও অপেক্ষা করে আছে একঝাঁক পায়রার জন্য। সূর্যালোকে ডানা মেলে ভয়হীন আকাশে উড়ে বেড়ানো সেই পায়রার দল যেন একদিন সত্যিই পৌঁছে যায় পৃথিবীর প্রতিটি প্রান্তে। নিউইয়র্কের কাঁচের প্রাসাদটি তখন শুধু শান্তির প্রতীক হয়ে নয়, শান্তির প্রতিশ্রুতি পূরণের ইতিহাস হয়েও দাঁড়িয়ে থাকবে।








