মার্কিন তেলভাণ্ডারে টান, ভেনেজুয়েলার তেল দিয়ে ঘাটতি মেটাবেন ট্রাম্প
রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুদ ভাণ্ডার এখন প্রায় ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার সঙ্গে নতুন চুক্তি থেকে পাওয়া তেল দিয়ে মজুদ ভাণ্ডার আবার পূর্ণ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রবিবার বলেছেন, শিগগিরই তেল মজুদ করার প্রক্রিয়া শুরু হবে। তবে এই চুক্তির তেল কবে নাগাদ মজুদে পৌঁছাবে, তা এখনো স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, শিগগিরই মজুদ পূরণের প্রক্রিয়া শুরু হবে। ভেনেজুয়েলার তেলকে তিনি ‘যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ভেনেজুয়েলার উপহার’ হিসেবে বর্ণনা করেন।
২১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদে প্রায় ২৯ কোটি ব্যারেল তেল ছিল। এটি ৪৪ বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন। রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও ইরানের সঙ্গে সংঘাতসহ বিশ্বজুড়ে সরবরাহব্যবস্থায় বিঘ্নের প্রেক্ষাপটে বাইডেন ও ট্রাম্প—দুই প্রশাসনের আমলেই যুক্তরাষ্ট্র এই মজুদ থেকে তেল ব্যবহার করায় মজুতের পরিমাণ এতটা কমেছে।








