মার্কিন যুদ্ধমন্ত্রীর অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রক্রিয়াগত ভোটে অভিশংসনের অভিযোগগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দেন তারা। এর ফলে হেগসেথকে পদ থেকে সরানোর উদ্যোগ কার্যত থেমে গেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের প্রতিফলন ঘটার পর হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগটি সামনে আসে। ইরান যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি এ উদ্যোগের নেতৃত্ব দেন। এতে ডেমোক্র্যাট সদস্যরাও সমর্থন জানিয়েছিলেন।
মঙ্গলবারের ভোটে অভিযোগগুলো কমিটিতে পাঠানোর পক্ষে ভোট পড়ে ২১১টি, বিপক্ষে ২০৪টি। রিপাবলিকানদের মধ্যে শুধু ম্যাসি প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ফলে হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগ নিয়ে সরাসরি ভোট এড়ানোর সুযোগ পেলেন রিপাবলিকান নেতারা। একই সঙ্গে প্রক্রিয়াটি দীর্ঘায়িত করতে পারবেন তারা।
ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের ডেমোক্র্যাটদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।’ তিনি আরও বলেন, টমাস ম্যাসি ছাড়া সব রিপাবলিকান সদস্য হেগসেথের পক্ষে ভোট দিয়েছেন। ম্যাসিকে ‘বড় পরাজিত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
তবে প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস হলেও হেগসেথকে দায়িত্ব থেকে সরানো কঠিন হতো। কারণ, চূড়ান্তভাবে অভিশংসনের জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। সেখানে রিপাবলিকানদের ৫৩টি আসন থাকায় প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম ছিল।
ম্যাসির প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ শুরু করা এবং মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলা চালানোর বিষয় রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে।
হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘নাশকতা’ ও ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন। ট্রাম্পসহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও প্রতিরক্ষামন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর হেগসেথের দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার জন্য ভোটারদের একাংশ ইরান যুদ্ধকে দায়ী করছেন।
মঙ্গলবার হেগসেথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান সিনেটর জোনি আর্নস্টও। তিনি জানতে চেয়েছেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে হেগসেথ সত্য বলছেন কি না।
সূত্র : আলজাজিরা





