ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা আর নয়, বললেন ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু— রয়টার্স
চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চুক্তি করেছেন বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ট্রাম্প কোন ধরনের সহায়তার কথা বলেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। বছরের শেষ নাগাদ কীভাবে এই সহায়তা বন্ধ করা হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, ইসরায়েলকে প্রতি বছর ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির যে সমঝোতা স্মারক রয়েছে, তার মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। ওই সময়ের পর ইসরায়েলকে ওয়াশিংটনের সহায়তা কীভাবে চলবে, তা নিয়ে আলোচনা চলছে।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তার দাবি, কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করতে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তার বিষয়টি আলোচনায় আনছেন।
ইরানে পারমাণবিক বোমা ব্যবহার বিবেচনা করছেন ট্রাম্প, দাবি সাবেক সিআইএ কর্মকর্তার
০৩ নভেম্বর ২০২৬
ট্রাম্প বললেন, ‘ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে বলি, বেনিয়ামিন নেতানিয়াহু ও আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে আমরা এই সহায়তা বন্ধের বিষয়ে চুক্তি করেছি। আমরা এরই মধ্যে একমত হয়েছি, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর অর্থ দেব না। তবে ইসরায়েলের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।’
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনসমর্থন কমেছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি। গত জুনে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জনমত জরিপে দেখা যায়, ৪৮ শতাংশ ভোটার এবং ৬৬ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে। ২০১৭ সালে প্রথমবার একই প্রশ্ন করা হলে এই হার ছিল যথাক্রমে ১৬ ও ২০ শতাংশ।




