পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

সংগৃহীত ছবি
পেরুর নাসকা শহরের উপকণ্ঠে শনিবার একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে নাসকা পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পর্যটকদের নাসকা লাইনস ঘুরিয়ে দেখানোর জন্য আকাশপথে ভ্রমণে নিয়ে গিয়েছিল। শত শত বছর আগে পেরুর আদিবাসীরা নাসকার মরুভূমিতে বিশাল আকৃতির এসব ভূ-নকশা তৈরি করেছিলেন। বিভিন্ন প্রাণীর আকৃতির এসব নকশা পুরোপুরি দেখা যায় শুধু আকাশ থেকে বা বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার থেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি কাছের ইকা শহর থেকে উড্ডয়ন করেছিল। এটি পরিচালনা করছিল পেরুর প্রতিষ্ঠান অ্যারোডিয়ানা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান দিয়ে নাসকা লাইনসের ওপর এসব ভ্রমণ পরিচালনা করে আসছে।
এক বিবৃতিতে পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ১১ জন বিদেশি পর্যটক এবং দুজন ক্রু সদস্য ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আগেনসিয়া আন্দিনা জানিয়েছে, পর্যটকদের মধ্যে দুজন জার্মান, দুজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় ছিলেন।
পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অ্যারোডিয়ানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।






