তাপে পুড়ছে ইউরোপ

সংগৃহীত ছবি
ইউরোপ জুড়ে চরম আবহাওয়ার পারদ আরও চড়েছে। গত শনিবার মহাদেশটির বেশ কয়েকটি দেশে তাপমাত্রা বৃদ্ধির আগের সব রেকর্ড ভেঙে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, জার্মানি টানা দ্বিতীয় দিনের মতো ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড প্রত্যক্ষ করেছে। দেশটিতে তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। চলতি গ্রীষ্মের শুরুতেই নজিরবিহীন এই তাপপ্রবাহ এখন আরও উত্তর ও পূর্বদিকে অগ্রসর হয়েছে। এতে ডেনমার্ক এবং চেক প্রজাতন্ত্রেও তাপমাত্রার পুরনো সব রেকর্ড ভেঙে গেছে। বর্তমানে ইউরোপের প্রায় ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি প্রচণ্ড গরমে ভুগছেন।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে বলেছে, এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্য এবং ইকোসিস্টেমের ওপর গুরুতর প্রভাব ফেলবে। আইবেরিয়ান উপদ্বীপ থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে শত শত মানুষের।
জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের মোকার্ন-ড্রেউইটজে সর্বোচ্চ ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মাত্র এক দিন আগে ফ্রান্স সীমান্তের কাছে সারব্রুকেনে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ফলে শনিবার আগের রেকর্ড ভেঙে যায়। চেক প্রজাতন্ত্রের জাতীয় আবহাওয়া সংস্থা (সিএইচএমআই) জানিয়েছে, প্রাগের উত্তরে ডোকসানি আবহাওয়া স্টেশনে শনিবার দেশটির ইতিহাসের সর্বোচ্চ ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে, ডেনমার্কের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরহুসের কাছাকাছি ওডাম এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সুইজারল্যান্ডেও টানা তৃতীয় দিনের মতো জুনের উষ্ণতম দিনের রেকর্ড ভেঙেছে।
ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু ১০০০: চলমান তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। গতকাল রবিবার প্রকাশিত এক বিবৃতিতে ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা পাবলিক হেলথ ফ্রান্স জানায়, ২৪ জুন থেকে এ পর্যন্ত অতিরিক্ত প্রায় এক হাজার মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।




