হুতিদের থেকে সৌদিকে সুরক্ষা দেবে ব্রিটেনের টাইফুন যুদ্ধবিমান

রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান— রয়টার্স
সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে হুতি বিদ্রোহীদের আকাশপথে হামলা থেকে সুরক্ষা দিতে প্রতিরক্ষামূলক মিশনে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিমানগুলো কেবল প্রতিরক্ষামূলক দায়িত্ব পালন করবে। ইরানপন্থী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক হামলা চালাবে না। যুক্তরাজ্যের দাবি, হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে এবং জ্বালানি সরবরাহ ও বাণিজ্যপথে বিঘ্ন ঘটানোর ঝুঁকি বাড়াচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক বিবৃতিতে বললেন, ‘সৌদি আরবের ওপর হুতিদের অব্যাহত হামলা একেবারেই নিন্দনীয়। বিশেষ করে রিয়াদের বিমানবন্দরে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বোঝা যায়, এ অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত করতে হুতিরা কত দূর যেতে পারে।’
সৌদি আরবের সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছিলেন, সৌদি আরবের এ অনুরোধ বিবেচনা করতে প্রস্তুত যুক্তরাজ্য।
যুক্তরাজ্য একটি অ্যাটলাস এ৪০০এম পরিবহন বিমান এবং সামরিক উপদেষ্টাও পাঠাবে। এর মাধ্যমে সেপ্টেম্বরে ঘোষিত সহায়তা আরও বাড়ানো হচ্ছে। ওই সহায়তার মধ্যে ছিল আকাশে জ্বালানি সরবরাহের জন্য আরএএফের একটি ভয়েজার বিমান, তবে কোনো যুদ্ধবিমান ছিল না।
ইয়েমেনের সংঘাত আরও তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামোয় হুতিদের হামলা বেড়েছে।
ইয়েমেনের ভেতরে সৌদি-সমর্থিত সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে সোমবার হুতিদের হামলায় ৫৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।




