ইরানে সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

সংগৃহীত ছবি
ইরানের অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদক ট্রে ইংস্ট জানান, ফোনে ট্রাম্প তাকে বলেছেন, ‘তারা যদি দ্রুত কোনো সমঝোতায় না আসে, তাহলে আমি সবকিছু ধ্বংস করে দিয়ে তেল নিয়ন্ত্রণে নেওয়ার কথা বিবেচনা করছি।’
প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আরও জানিয়েছেন, ‘আপনি দেখবেন, তাদের দেশে সর্বত্র সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধসে পড়ছে।’
তবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের কিছু কর্মকর্তা ‘এখন আলোচনা করছে’ এবং তিনি মনে করেন সোমবারের মধ্যে একটি চুক্তির ‘ভালো সম্ভাবনা’ রয়েছে।
ইরানি কর্মকর্তারা এর আগে ট্রাম্পের সেই দাবি অস্বীকার করেছেন, যেখানে তিনি বলেছিলেন তেহরান একটি চুক্তি চাইছে।
এ ছাড়া ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমটিকে জানান, চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন ‘কুর্দিদের মাধ্যমে’ ইরানের বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল, তবে তিনি মনে করেন সেই অস্ত্র বিক্ষোভকারীদের কাছে পৌঁছায়নি।
তিনি উল্লেখ করেন, ‘আমরা তাদের অনেক অস্ত্র পাঠিয়েছিলাম, আমরা কুর্দিদের মাধ্যমে পাঠিয়েছিলাম,’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তিনি আরও জানান, তার ধারণা ‘কুর্দিরাই’ সেই অস্ত্র রেখে দিয়েছে।















