কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

ছবিঃ আগামীর সময়
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের ডলফিনটি ভেসে আসে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে।
ডলফিনটি নজরে আসলে রোববার (৫ এপ্রিল) বিকেলে স্থানীয় জেলেরা খবর দেয় কুয়াকাটা ‘ডলফিন রক্ষা কমিটি’র সদস্যদের। পরে তারা এসে এটিকে মাটি চাপা দেয় বলে নিশ্চিত করেছেন ওই সংগঠনের সদস্য আবুল হোসেন রাজু। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আবুল হোসেন রাজু জানিয়েছেন, ডলফিনটির শরীর থেকে উঠে গেছে চামড়া, পেট ফেটে যাওয়াসহ দড়ি দিয়ে লেজ বাধা এবং বিভিন্ন স্থানে চিহ্ন রয়েছে আঘাতের। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়। দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার।
উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সচেতন থাকতে বললেন উপকুলীয় বন বিভাগ কলাপাড়ার মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান।
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলন ‘উপরা’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেনের ধারণা, এটি একটি ইরাবতী ডলফিন যার মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো ঠোঁট লম্বা না। এ প্রজাতির ডলফিনগুলো সাধারণত বসবাস করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীতে। এটি একটি বিপন্ন প্রজাতি হিসেবে পরিচিত এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান তিনি।














