জাতিসংঘের মহাসচিব পদে ভিক্টর অরবানের নাম প্রস্তাব করছেন ট্রাম্প!

ভিক্টর অরবান— রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মনোনয়নের পক্ষে প্রচার চালাচ্ছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, অরবান যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের যৌথ প্রার্থী হতে পারেন। তিনটি দেশের সূত্রই জানিয়েছে, ট্রাম্প প্রশাসন তার প্রার্থিতাকে সমর্থন করছে।
গত এপ্রিলে হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা হারান অরবান। পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন তিসা পার্টির কাছে পরাজিত হওয়ার আগে টানা ১৬ বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ শাসন করেছিলেন তিনি।
অরবানের কট্টর ডানপন্থী, অভিবাসনবিরোধী ও ইউরোপীয় ইউনিয়নবিরোধী নীতি এবং হাঙ্গেরিতে আইনের শাসনের অবনতির কারণে পশ্চিমা মিত্রদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। এসব মিত্রের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। তবে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি।
নির্বাচনের পর থেকে অরবানের সাবেক সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির তদন্ত শুরু করেছে হাঙ্গেরির কর্তৃপক্ষ। সাবেক দুই মন্ত্রী এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় অরবানের সম্ভাব্য সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অরবানকে মহাসচিব পদে মনোনয়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা স্বীকার করেছেন, প্রস্তাবটি প্রথমে শুনতে অদ্ভুত মনে হতে পারে। তবে ওয়াশিংটনের সঙ্গে আগের আলোচনায় ইঙ্গিত পাওয়া গেছে, রাশিয়া ও চীনও এ ধারণাকে সমর্থন করছে।
যুক্তরাষ্ট্র ও অন্য একটি দেশের কর্মকর্তারা সংবাদপত্রটিকে বলেছেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন কোনো বিষয়ে একই অবস্থানে থাকলে সাধারণত তারা সেটি অর্জন করতে পারে।’
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছর মেয়াদি মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।
তবে হোয়াইট হাউস, মস্কো ও বেইজিং—কোনো পক্ষই এ তথ্য নিশ্চিত করেনি।
এ বিষয়ে মন্তব্য জানতে অরবানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে ইউরোনিউজ। তবে এখনো কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে উপমহাসচিব পদে অরবানের প্রার্থিতা নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছিলেন ওই মুখপাত্র।
চলতি বছরের মে মাসে অনুসন্ধানী সংবাদমাধ্যম ভিস্কয়ার জানিয়েছিল, জাতিসংঘের কোনো পদ অরবানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, এ ধরনের পদের সঙ্গে কূটনৈতিক দায়মুক্তির সুবিধা যুক্ত রয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জয় নিশ্চিত না হলে অরবান প্রার্থী হতে চাইবেন না। তবে বর্তমান পরিস্থিতিতে তার জয়ের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।
জাতিসংঘের মহাসচিব পদে কোনো প্রার্থীকে মনোনয়ন পেতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯ জনের সমর্থন প্রয়োজন। একই সঙ্গে পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একজন প্রার্থিতায় ভেটো দিতে পারেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পাশাপাশি ফ্রান্স ও যুক্তরাজ্যও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
সূত্র: ইউরো নিউজ




