ছয় বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী পৌঁছেছে ক্যানারি দ্বীপে

স্পেনের ক্যানারি দ্বীপে গত শনিবার এসে পৌঁছেছেন প্রায় ১ হাজার ৫০০ অভিবাসী। সামুদ্রিক উদ্ধার পরিষেবার বরাত দিয়ে গতকাল ইএফই সংবাদ সংস্থা জানিয়েছে, ২০২০ সালের পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ সংখ্যা। প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ কোস্ট গার্ড ১৪টি নৌকায় থাকা ১ হাজার ৪৮৮ জনকে উদ্ধার করেছে। অক্টোবর মাস থেকে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে স্প্যানিশ দ্বীপপুঞ্জে মানুষের আগমনের যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, এটি তারই ধারাবাহিকতা।
এর আগের এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪৬১ জনকে উদ্ধারের রেকর্ডটি হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর, ক্যানারি দ্বীপপুঞ্জের কাছাকাছি জলসীমায়। রয়টার্সের গতকালের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার একটি নৌকায় ২৪০ জন ছিলেন, যার মধ্যে ১২ জন নারী ও ৩৬টি শিশু। উদ্ধার করা অভিবাসীদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ক্ষুদ্র দ্বীপ ‘এল হিয়েরো’-তে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বেশিরভাগই সেনেগাল, গাম্বিয়া ও গিনি-কনাক্রির নাগরিক।



