ট্রাম্পের দাবি যুদ্ধবিরতি চায় ইরান, নাকচ তেহরানের

ইরান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিী পুনরায় খুলে দেওয়া হলেই কেবল তিনি এ অনুরোধ বিবেচনা করবেন বলেও উল্লেখ করেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ দাবি নাকচ করেছেন।
ট্রাম্পের দম্ভোক্তি, ‘আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে আদিম যুগে পাঠিয়ে দিচ্ছি!’
‘ইরানের নতুন শাসকগোষ্ঠীর প্রেসিডেন্ট তার পূর্বসূরিদের চেয়ে অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান। তিনি এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছেন! হরমুজ প্রণালিী যখন উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ হবে, তখন আমরা বিষয়টি বিবেচনা করব’, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন ট্রাম্প।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, তার দেশ কোনো যুদ্ধবিরতি প্রস্তাব করেনি।
ইরানের আইআরআইবি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ থামাতে ইরানের নামে প্রচারিত পাঁচ দফা প্রস্তাব গণমাধ্যমের সৃষ্টি বলে দাবি আরাগচির।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘আগ্রাসনকারীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধ চলবে। পাশাপাশি ইরানকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।’

