আওয়ামী লীগ ঠেকাতে মাঠে কুষ্টিয়া বিএনপি

আওয়ামী লীগ ঠেকাতে কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ছবি: আগামীর সময়।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে পালন করা হয় এ কর্মসূচি।
এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কুমারখালী হলবাজার এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গণমোড়, থানামোড়, স্টেশনবাজার ও বাসস্ট্যান্ড গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবাইদুল ইসলাম রিপন।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলছিলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত।
কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।




