পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের তোড়জোড়, প্রশাসনিক সংস্কার নাকি রাজনৈতিক হিসাব?

পাকিস্তানের পতাকা টানানোতে ব্যস্ত এক তরুণ। ফাইল ছবি / রয়টার্স
পাকিস্তানে নতুন কয়েকটি প্রদেশ গঠনের প্রস্তাব ক্রমেই আলোচনায় জোরালো হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, নতুন বছরের শুরুতেই একাধিক নতুন প্রদেশ এবং নতুন প্রশাসনিক ব্যবস্থা দেখা যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত, প্রদেশের নির্দিষ্ট সংখ্যা কিংবা সংবিধান সংশোধনের খসড়া প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের চারটি প্রদেশ— পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান। প্রায় ২৫ কোটি মানুষের দেশটিতে প্রশাসনিক কাজ সহজ করা এবং জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার যুক্তিতে এসব প্রদেশ ভেঙে ছোট প্রশাসনিক একক গঠনের প্রস্তাব উঠেছে।
কিন্তু বিষয়টি শুধু প্রশাসনিক পুনর্বিন্যাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে প্রাদেশিক ক্ষমতা, রাজনৈতিক দলগুলোর স্বার্থ, জাতীয় রাজস্বের ভাগ, পানি বণ্টন এবং কেন্দ্র-প্রদেশ সম্পর্কের মতো স্পর্শকাতর বিষয়।
কেন নতুন প্রদেশের আলোচনা
গত ৩০ জুলাই ইসলামাবাদে এক অর্থনৈতিক সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি প্রথম প্রকাশ্যে নতুন প্রশাসনিক একক গঠনের প্রস্তাব দেন। তার যুক্তি, বর্তমান প্রদেশগুলো আয়তন ও জনসংখ্যার দিক থেকে অনেক বড়। ফলে কার্যকরভাবে প্রশাসন পরিচালনা এবং স্থানীয় মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।
পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও ঐকমত্যের ভিত্তিতে ১২ থেকে ১৫টি প্রদেশ গঠনের কথা বলেছেন। তার মতে, নতুন নেতৃত্ব ও ছোট প্রশাসনিক কাঠামো তৈরি হলে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলতা বাড়বে।
সমর্থকদের অভিযোগ, ২০১০ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রদেশ ও স্থানীয় পর্যায়ে ক্ষমতা ও সম্পদ বণ্টনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা প্রত্যাশা পূরণ করতে পারেনি।
পাকিস্তানের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতা মুস্তফা কামালের অভিযোগ, জনগণের নামে ক্ষমতা ও সম্পদ প্রদেশের হাতে দেওয়া হলেও তা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্রীভূত হয়েছে। তার মতে, ছোট প্রশাসনিক একক গঠনের দাবি ওঠার পেছনে এটি অন্যতম কারণ।
তবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। কামাল নিজেও বলেছেন, নতুন প্রদেশের সংখ্যা বা পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানেন না।
প্রস্তাবটি নিয়ে আলোচনার সময়ও গুরুত্বপূর্ণ। আগামী বছরের শুরুতে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নির্বাচন হওয়ার কথা। এরপর জুনে আসবে কেন্দ্রীয় বাজেট। কামালের মতে, নতুন প্রদেশ গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে এর আগেই নিতে হবে।
সংবিধান সংশোধনই সবচেয়ে বড় বাধা
পাকিস্তানের সংবিধানে নতুন প্রদেশ গঠনের জন্য আলাদা কোনো প্রক্রিয়া নেই। এ ক্ষেত্রে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুসরণ করতে হবে। সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টের দুই কক্ষেই মোট সদস্যের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। ৩৩৬ সদস্যের জাতীয় পরিষদে এ জন্য ২২৪টি এবং ৯৬ সদস্যের সিনেটে ৬৪টি ভোট লাগবে।
তবে কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদেরও দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে হবে। যেমন পাঞ্জাবকে ভাগ করতে হলে ৩৭১ সদস্যের প্রাদেশিক পরিষদে অন্তত ২৪৮ জনের সমর্থন প্রয়োজন। সিন্ধু ভাগের ক্ষেত্রে ১৬৮ সদস্যের পরিষদে লাগবে ১১২টি ভোট। এরপর সংশোধনীটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো যাবে।
করাচিভিত্তিক সংবিধান বিশেষজ্ঞ আবদুল মঈজ জাফেরি বলেছেন, সংবিধানে নির্ধারিত এই প্রক্রিয়া এড়িয়ে নতুন প্রদেশ গঠনের অন্য কোনো পথ নেই।
এর আগে ২০১২ সালের মে মাসে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ দক্ষিণ পাঞ্জাব নামে নতুন প্রদেশ গঠন এবং বাহাওয়ালপুর প্রদেশ পুনর্বহালের পক্ষে দুটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করেছিল। ২০১৩ সালের মার্চে সিনেটেও বাহাওয়ালপুর-দক্ষিণ পাঞ্জাব প্রদেশ গঠনের একটি সংবিধান সংশোধনী বিল পাস হয়। কিন্তু জাতীয় পরিষদে তোলা না হওয়ায় ওই পরিষদের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে বিলটিরও কার্যকারিতা শেষ হয়ে যায়।
জাফেরির মতে, প্রদেশ ছোট করলেই যে প্রশাসন কার্যকর হবে, তার নিশ্চয়তা নেই। সংবিধান সংশোধন করে প্রাদেশিক সীমানা পরিবর্তন না করেও প্রশাসনিক কাঠামো ছোট করা সম্ভব।
গণভোট কি বিকল্প হতে পারে
নতুন প্রদেশ গঠনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার প্রস্তাবও এসেছে। গত সপ্তাহে লাহোরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেছেন, জনগণ না চাইলে নতুন প্রদেশ গঠন করা উচিত হবে না। আর জনগণ চাইলে তা করা যেতে পারে।
পাকিস্তানের সংবিধানের ৪৮(৬) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রস্তাব দিতে পারেন। যৌথ অধিবেশনে অনুমোদন পেলে বিষয়টি গণভোটে পাঠানো সম্ভব। সেখানে ভোটারদের সামনে ‘হ্যাঁ’ অথবা ‘না’—এ ধরনের প্রশ্ন রাখা যেতে পারে।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, গণভোটের ফল সরকারের জন্য বাধ্যতামূলক নয়। আর গণভোট সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়ার বিকল্পও হতে পারে না। জাফেরির মতে, গণভোটে জনগণের মতামত জানা গেলেও নতুন প্রদেশ গঠনের জন্য পার্লামেন্ট ও সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের সাংবিধানিক অনুমোদন লাগবেই।
পাকিস্তানে এর আগে তিনবার গণভোট হয়েছে। প্রতিবারই সামরিক শাসকেরা নিজেদের ক্ষমতা বৈধতা দিতে তা ব্যবহার করেছেন। ১৯৬০ সালে আইয়ুব খান, ১৯৮৪ সালে জিয়াউল হক এবং ২০০২ সালে পারভেজ মোশাররফ গণভোট আয়োজন করেছিলেন। ফলে এবার গণভোটের প্রস্তাব ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্কের পাশাপাশি দেশটির অতীত অভিজ্ঞতাও আলোচনায় আসছে।
অর্থ ও পানি বণ্টন নিয়ে অনিশ্চয়তা
নতুন প্রদেশ গঠনের বড় প্রশ্নগুলোর একটি হলো অর্থের জোগান। বর্তমানে পাকিস্তানের কেন্দ্রীয় কর রাজস্বের ৫৭ দশমিক ৫ শতাংশ প্রদেশগুলোর মধ্যে বণ্টন করা হয়। চলতি অর্থবছরে এর পরিমাণ ৮ লাখ ৬৪ হাজার কোটি রুপি, যা প্রায় ৩ হাজার ১২০ কোটি ডলার।
প্রাদেশিক অংশের মধ্যে পাঞ্জাব পায় ৫১ দশমিক ৭৪ শতাংশ, সিন্ধু ২৪ দশমিক ৫৫ শতাংশ, খাইবার পাখতুনখাওয়া ১৪ দশমিক ৬২ শতাংশ এবং বেলুচিস্তান ৯ দশমিক ০৯ শতাংশ। জনসংখ্যার ভিত্তিতে এই বণ্টন করা হয়। কিন্তু কোনো প্রদেশ ভেঙে নতুন প্রদেশ গঠন করা হলে আগের প্রদেশের বরাদ্দ কীভাবে ভাগ হবে, সংবিধানে তার স্পষ্ট নির্দেশনা নেই।
ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব মার্কেট ইকোনমির (প্রাইম) হিসাবে, পাঞ্জাবকে তিনটি প্রদেশে ভাগ করলে বছরে অতিরিক্ত ৪ হাজার ৬৯০ কোটি থেকে ৫ হাজার ৬২০ কোটি রুপি ব্যয় হতে পারে। পাকিস্তানের ৩০টি প্রশাসনিক বিভাগকে প্রদেশে রূপান্তর করা হলে বছরে অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে ৬০ হাজার ৯২০ কোটি থেকে ৭৩ হাজার ৩০০ কোটি রুপি।
এসব হিসাবের মধ্যে নতুন স্থাপনা তৈরির এককালীন ব্যয়, পুলিশ বাহিনী এবং পূর্ণাঙ্গ সচিবালয় প্রতিষ্ঠার খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন প্রদেশ হলে প্রতিটির জন্য সিনেটে সমান প্রতিনিধিত্বের বিষয়টিও সামনে আসবে। শুধু পাঞ্জাব ভাগ করা হলেও সিনেটের সদস্যসংখ্যা ৯৬ থেকে বেড়ে ১৪২ হতে পারে বলে প্রাইমের হিসাব।
পানি বণ্টন নিয়েও প্রশ্ন রয়েছে। ১৯৯১ সালের পানি বণ্টন চুক্তিতে সিন্ধু নদব্যবস্থার পানি চার প্রদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এটি সংবিধানের অংশ নয়। নতুন প্রদেশ গঠিত হলে পানির হিস্যা কীভাবে নির্ধারিত হবে, সে বিষয়ে এখনো কোনো প্রস্তাব প্রকাশ করা হয়নি।
সিন্ধুর স্থানীয় সরকারমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সৈয়দ নাসির হুসেইন শাহের প্রশ্ন, অতিরিক্ত প্রাদেশিক পরিষদ, সচিবালয়, মুখ্যমন্ত্রী ও গভর্নরের কার্যালয় এবং আদালত প্রতিষ্ঠার ব্যয় বহন করার সামর্থ্য পাকিস্তানের অর্থনীতির আছে কি না। রাজনৈতিক বিশ্লেষক মাজিদ নিজামিও নতুন প্রদেশগুলোর অর্থনৈতিক ভিত্তি ও উন্নয়ন পরিকল্পনা কী হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাজনৈতিক দলগুলোর অবস্থান
নতুন প্রদেশ গঠনের প্রশ্নে ক্ষমতাসীন জোটের প্রধান দুই শরিক পিএমএল-এন ও পিপিপির অবস্থান এক নয়। সিন্ধুতে ক্ষমতাসীন পিপিপি প্রদেশটির বিভক্তির বিরোধিতা করছে। গত সেপ্টেম্বরে সিন্ধু প্রাদেশিক পরিষদও প্রদেশ ভাগের বিপক্ষে প্রস্তাব পাস করেছে।
শনিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ও পিপিপির সহসভাপতি আসিফ আলী জারদারি সিন্ধু ভাগের বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সিন্ধুর মন্ত্রী নাসির শাহের বক্তব্য, অন্য প্রদেশগুলো চাইলে নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। পাঞ্জাব বা খাইবার পাখতুনখাওয়ার পরিষদ নতুন প্রদেশ গঠনের পক্ষে প্রস্তাব পাস করলে সেখানে তা করা যেতে পারে। কিন্তু সিন্ধুতে এ ধরনের উদ্যোগের প্রয়োজন নেই।
অন্যদিকে, এমকিউএম-পি নেতা মুস্তফা কামাল করাচিকে আলাদা প্রশাসনিক একক, এমনকি প্রাদেশিক সরকারের অধীনে পরিচালনার দাবি জানিয়েছেন। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি দলটির প্রধান রাজনৈতিক ঘাঁটি। ফলে নতুন প্রদেশ গঠনের আলোচনা সিন্ধুর অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবকেও সামনে এনেছে।
পিএমএল-এন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার ও দলটির নেতা মালিক আহমদ খান বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেতৃত্বই নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী নাকভিও জানিয়েছেন, জোটের শরিকদের সম্মতি ছাড়া কোনো পরিবর্তন করা হবে না।
সব মিলিয়ে পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের আলোচনা গতি পেলেও বাস্তবায়নের পথে বড় বাধা রয়েছে। সংবিধান সংশোধনে পার্লামেন্ট ও সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদগুলোর দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করা, অর্থ ও পানির হিস্যা নির্ধারণ এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্য— সবই জরুরি।
প্রশাসনিক সেবা উন্নত করার যুক্তি থাকলেও নতুন প্রদেশ গঠন ক্ষমতা ও সম্পদের নতুন বণ্টন তৈরি করবে। ফলে এটি শুধু মানচিত্রে সীমানা বদলের বিষয় নয়; পাকিস্তানের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো কতটা বদলাবে, তারও পরীক্ষা।
সূত্র : আলজাজিরা







