মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান

ছবি: রয়টার্স
সৌদি আরবে হুতি গোষ্ঠীর হামলা বাড়ছে। এরই মধ্যে বাড়ছে সংঘাতটি মধ্যপ্রাচ্যের নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা। এমন পরিস্থিতির মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
পাকিস্তানের জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলো রক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতি বহাল রয়েছে। তিনি জোর দিয়ে জানান, এটি পাকিস্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্বের ভিত্তিতে করা এবং কোনো আনুষ্ঠানিক চুক্তি আছে কি না, তার ওপর এটি নির্ভর করে না।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সৌদি আরবের প্রতি নিজেদের দায়িত্ব পালনে ইসলামাবাদ এখনো প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি ভূখণ্ড ও ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষা করা পাকিস্তানের স্থায়ী দায়িত্ব।
আঞ্চলিক পরিস্থিতিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই আসিফ এ মন্তব্য করলেন। সৌদি ভূখণ্ডের ভেতরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের অব্যাহত হামলায় বৃহত্তর নিরাপত্তা ও সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আসিফ আরও জানান, হুতি হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবের উদ্বেগের কথা জানিয়ে ইরানের কাছে রিয়াদের একটি বার্তা পৌঁছে দিয়েছে পাকিস্তান। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
ইরানের সঙ্গে হুতিদের সম্পর্ক এবং চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে রূপ নেওয়া ঠেকাতে আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন পক্ষ ও দেশের প্রচেষ্টার মধ্যেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরবের ওপর হুতিদের হামলা বন্ধে চাপ দিতে রিয়াদের একটি সতর্কবার্তা তেহরানের কাছে পৌঁছে দিয়েছিল পাকিস্তান।
সূত্র: মিডলইস্ট মনিটর




