ডানদের টানতে গিয়ে বামদের হারালেন আইজেনকট, সরকার গঠনে নতুন বাধা

নেসেটে একটি অনুষ্ঠানে আইজেনকোট, তার পেছনে ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান— সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার কঠিন প্রচেষ্টায় মঙ্গলবার নতুন বাধার মুখে পড়েছেন সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকট। বামপন্থী একটি দল জোট গঠনের আলোচনা স্থগিত করায় ক্ষমতায় যাওয়ার সম্ভাব্য পথ আরও জটিল হয়ে উঠেছে।
বামপন্থী ডেমোক্র্যাটস দল আইজেনকটের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে। অথচ এর মধ্যেই তার ইয়াশার পার্টি জানিয়েছে, তারা একটি ডানপন্থী দলের সঙ্গে জোট চুক্তিতে পৌঁছেছে। সরকার গঠনের সম্ভাবনায় ওই দলের সমর্থনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২৭ অক্টোবরের নির্বাচন কোনো পক্ষকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না দেওয়ার পর জোট গঠনের এ টানাপোড়েন শুরু হয়েছে। আইজেনকট কিংবা নেতানিয়াহু— কারও পক্ষেই সরকার গঠনের সুস্পষ্ট পথ তৈরি হয়নি। সরকার গঠনের চেষ্টা চালাতে আইজেনকটের হাতে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগও আছে।
আইজেনকটের সম্ভাব্য জোটসঙ্গীদের মধ্যে রয়েছেন ডানপন্থী ইসরায়েল আওয়ার হোম পার্টির প্রধান আভিগদর লিবারম্যান। তারা এমন আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছেন, যাদের সমর্থনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হতে পারে।
এতে ক্ষুব্ধ হয়েছেন ডেমোক্র্যাটসের প্রধান ইয়ার গোলান। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তিনি আইজেনকটকে ইসরায়েলের ২১ শতাংশ আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে আসছেন। নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।
সম্ভাব্য ঐক্য সরকার গঠনের পথ খতিয়ে দেখতে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে আইজেনকটের চলমান আলোচনাও গোলানকে হতাশ করেছে।
আইজেনকটের দল জানিয়েছে, লিকুদ ও অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা ‘সবচেয়ে বিস্তৃত সরকার গঠনের আন্তরিক অঙ্গীকারের’ প্রতিফলন। আরেক দফা নির্বাচন এড়াতে তারা সব বিকল্প খতিয়ে দেখবে বলেও জানিয়েছে দলটি।
তবে মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে গোলানের ডেমোক্র্যাটস দল জানায়, তারা ইয়াশারের সঙ্গে জোট গঠনের আলোচনা স্থগিত করছে। দলটি বলেছে, ‘ঐক্য সরকারের সম্ভাবনা আমাদের আলোচনার বাইরে রাখতে হবে।’
ডেমোক্র্যাটস দল আরও বলেছে, ‘সাম্প্রতিক দিনগুলোয় আমরা উদ্বেগের সঙ্গে দেখেছি, লিকুদ ও অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা পুরো দর-কষাকষির গতিপথ নির্ধারণ করছে।’
এদিকে আইজেনকটের ইয়াশার ও লিবারম্যানের ইসরায়েল আওয়ার হোম জানিয়েছে, তারা জোট চুক্তিতে পৌঁছেছে। ৮ নভেম্বর আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর এটিই প্রথম জোট চুক্তি।




