সর্বোচ্চ নেতাকে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান ইরানি আইনপ্রণেতার

ইরানের আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পারমাণবিক বোমা তৈরির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান।
ইরানের পবিত্র নগরী কোমে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশে উপস্থিত লোকজনও তার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইরানের কয়েকজন আইনপ্রণেতার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দীর্ঘদিনের অবস্থান পুনর্বিবেচনার দাবির মধ্যেই এল নাবাভিয়ানের এই বক্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নাবাভিয়ান জানিয়েছেন, কোম শহরের একটি সমাবেশে তিনি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার প্রস্তাব করেন।
তার ভাষ্য, সমাবেশে উপস্থিত লোকজন এ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।
তবে দেশ হিসেবে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অবস্থান জানিয়ে আসছে। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে একটি ধর্মীয় ফতোয়া দিয়েছিলেন। তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।
তবে পারমাণবিক নীতি নিয়ে ভবিষ্যতে কী হতে পারে, সে বিষয়ে এর আগে কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
গত সেপ্টেম্বরে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের ধর্মীয় ফতোয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির পারমাণবিক নীতিতেও কোনো পরিবর্তন আসেনি।
তবে ভবিষ্যতের কথা উল্লেখ করে রেজাই বলেছিলেন, ‘কিন্তু ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।’
সূত্র : আলজাজিরা
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
১৫ সেপ্টেম্বর ২০২৬





