বৈশ্বিক মন্দায়ও অপরাজেয় কুয়েতি ধাতব মুদ্রা

কুয়েতের আধুনিক ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার মূল ভিত্তি হলো তাদের মুদ্রা কুয়েতি দিনারের শক্তিশালী অবস্থান। দেশটির উন্নত জীবনধারা ও সুশৃঙ্খল বাণিজ্যিক ব্যবস্থার পেছনে কাজ করছে এমন এক আর্থিক ব্যবস্থা, যা বর্তমান বিশ্বে বিরল। ডিজিটাল লেনদেন ও পেপারলেস ইকোনমির এ যুগে এসেও কুয়েতের বাজারে খুচরা লেনদেনে ধাতব মুদ্রার প্রচলন অবাক করার মতো। বিশেষ করে আধুনিকতার চরম উৎকর্ষের মধ্যেও দৈনন্দিন কেনাকাটায় ধাতব মুদ্রা বা পয়সার সরব উপস্থিতি কুয়েতের অর্থনীতিকে এক অনন্য ঐতিহ্যগত স্বাতন্ত্র্য দিয়েছে। বিশ্বের খুব কম উন্নত দেশেই খুচরা বাজারে এভাবে কয়েন বা পয়সার বাস্তব ও কার্যকর ব্যবহার দেখা যায়।
কুয়েতের ব্যাংকব্যবস্থায় দিনারের নিচের ক্ষুদ্রতম একক বা পয়সা হলো ‘ফিলস’। কুয়েতের প্রচলিত ধাতব মুদ্রার মধ্যে ১ ফিলস, ৫ ফিলস, ১০ ফিলস, ২০ ফিলস, ৫০ ফিলস এবং ১০০ ফিলস দামের কয়েনগুলো বাজারে এখনো সচল রয়েছে। এর মধ্যে ১০০ ফিলসের কয়েনটি বেশ ভারী ও বহুল ব্যবহৃত। আধুনিক সুপারমার্কেট, ঐতিহ্যবাহী সুক আল মুবারকিয়া বা সুক আল ওয়াতানিয়ার খুচরা বাজারে এই ফিলস বা পয়সার হিসাব আজও নিখুঁতভাবে বজায় আছে। প্রবাসীর নিত্যপণ্যের হিসাব থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানেও বিল পরিশোধের ক্ষেত্রে এ পয়সাগুলোর সঠিক হিসাব রাখা হয়, যা কুয়েতি আর্থিক সংস্কৃতির সততা ও সূক্ষ্মতার পরিচায়ক।
আন্তর্জাতিক মুদ্রা বাজারে কুয়েতি দিনার ও ফিলসের মান ও মর্যাদা রূপকথার মতো। বিশ্বের প্রায় সব দেশের মুদ্রার তুলনায় কুয়েতি দিনারের একক বিনিময়মূল্য সর্বাধিক। অন্যান্য দেশের কারেন্সি যখন মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অস্থিরতা ও ডলারের বিপরীতে প্রতিনিয়ত দরপতনের শিকার হয়ে তলানিতে গিয়ে ঠেকেছে— যেমন দক্ষিণ এশিয়া বা ইউরোপীয় ও লাতিন আমেরিকার বহু দেশের মুদ্রার মান কমতে কমতে খুচরা পর্যায়ে পয়সার অস্তিত্বই বিলুপ্ত করে দিয়েছে, সেখানে কুয়েতি পয়সা বা ফিলসের একক মূল্যও আন্তর্জাতিক অনেক দেশের মূল মুদ্রার চেয়ে শক্তিশালী। বর্তমান বৈশ্বিক মুদ্রাবাজারে ১ কুয়েতি দিনারের বিপরীতে মার্কিন ডলারের মান প্রায় ৩ দশমিক ২৫ ডলারের কাছাকাছি, একই সঙ্গে বাংলাদেশি টাকার হিসাবে ১ কুয়েতি দিনারে প্রায় ৪০০ টাকা ও অন্যান্য প্রধান মুদ্রার তুলনায় এর অবস্থান সুদৃঢ়। এই বিশাল কাঠামোর কারণে কুয়েতের ফিলস বা পয়সার অন্তর্নিহিত আর্থিক ওজনও অন্যান্য দেশের খুচরা মুদ্রার তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী হিসেবে বিবেচিত হয়।
বিশ্ব অর্থনীতি ও মুদ্রার বাজারে কুয়েতি ফিলসের এই প্রভাব ও স্থায়িত্ব এক বিস্ময়কর অধ্যায়। পৃথিবীর তাবৎ উন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনীতি যখন মূল্যস্ফীতির ধাক্কায় তাদের ক্ষুদ্রতম ধাতব মুদ্রা বা পয়সার ব্যবহার গুটিয়ে নিয়েছে, যেখানে খুচরা পয়সার উৎপাদন খরচ তার বাজারমূল্যের চেয়ে বেশি হয়ে পড়েছে, সেখানে কুয়েত তাদের মুদ্রার মান এবং ঐতিহ্যকে সমানভাবে টিকিয়ে রেখেছে। কুয়েত সেন্ট্রাল ব্যাংকের কঠোর মুদ্রানীতি, শক্তিশালী তেলভিত্তিক রিজার্ভ এবং সুনিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থার কারণে দিনারের পাশাপাশি এর ক্ষুদ্রতম অংশ ফিলসও তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ক্রয়ক্ষমতা পূর্ণমাত্রায় বজায় রাখতে পেরেছে। বিশ্ব মানচিত্রে কুয়েতি মুদ্রার এই অপ্রতিরোধ্য অবস্থান প্রমাণ করে, সঠিক আর্থিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক নীতির দৃঢ়তা থাকলে শুধু কাগজের নোট নয়, শতাব্দী পেরিয়ে খুচরা পয়সাও একটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রতীক হিসেবে অমর হয়ে থাকতে পারে।



