ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ছবি: রয়টার্স
ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজম্যাক্সকে বৃহস্পতিবার রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। কারণ ‘ওদের হাতে এটা থাকলে ওরা ব্যবহার করত।’
তিনি বলেন, ‘ওদের পারমাণবিক স্থাপনাগুলো লাখ লাখ টন পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। এখন আমরা পিকঅ্যাক্স মাউন্টেনের দিকে নজর দিচ্ছি। সেখানে যেতে হতে পারে আমাদের। ওই স্থাপনাতেও হামলা চালাব। দ্রুত ধ্বংস করে দেব।’
পিকঅ্যাক্স মাউন্টেন তেহরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত একটি সুরক্ষিত কেন্দ্র। এটি মাটির গভীরে নির্মিত।
ইরানে পারমাণবিক বোমা ব্যবহারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের তা করার দরকার নেই।’
ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন না বলেও আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত জিবিইউ–৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের অনুমোদন দিয়েছেন কি না, সে বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। তবে তিনি বলেন, এমওএবি পারমাণবিক বোমা নয়।



